সুপ্রিম কোর্টে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিতের নির্দেশ
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৬ মে ২০২৩ । আপডেট ১৪:৩০
সুপ্রিম কোর্ট ও আইনজীবী সমিতি ভবন এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে সব অপারেটরকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
পাশাপাশি সুপ্রিম কোর্ট ও আইনজীবী সমিতি ভবন এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল ফোন নেটওয়ার্ক নিশ্চিতে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিটিআরসি ও সকল মোবাইল অপারেটর কোম্পানিকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিবাদীদের এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন এফিডেভিট আকারে আগামী ১ আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। এর আগে সুপ্রিম কোর্ট ও আইনজীবী সমিতি ভবন এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল ফোন নেটওয়ার্ক নিশ্চিত করতে রিট করা হয়।
গত বছরের ২৬ অক্টোবর সুপ্রিম কোর্ট ও আইনজীবী সমিতি ভবন এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল ফোন নেটওয়ার্ক সেবা চেয়ে দেশের সব বেসরকারি টেলিকম অপারেটরের কাছে আইনি নোটিশ পাঠানো হয়।
‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টে নামের একটি সংগঠনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব ও ইমরুল কায়েস খান ই-মেইলে এই নোটিশ পাঠান। জবাব না পেয়ে তারা রিট করেন।
ইউডি/কেএস

