দাম বাড়ছে যেসব সেবা ও পণ্যের

দাম বাড়ছে যেসব সেবা ও পণ্যের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩ । আপডেট ১৮:১০

প্রতি বছরই বাজেটে শুল্ক পরিবর্তনের কারণে বিভিন্ন পণ্য ও সেবার দামের হেরফের ঘটে। অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাব অনুযায়ী, আমদানি করা সফটঅয়্যার, মোবাইল হ্যান্ডসেট, প্লাস্টিক পণ্য, টিস্যু, কলম, অ্যালুমিনিয়াম পণ্য, লিফট, সিগারেটের দাম বাড়তে পারবে। সিগারেট ও তামাক পণ্যের শুল্ক বাড়ছে। তরল নিকোটিনের বিপরীতে ১৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব এসেছে। ই-সিগারেট ও ভেপোরাইজিং ডিভাইস ও এর যন্ত্রাংশ আমদানিতে ২১২ দশমিক ২০ শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।

একাধিক গাড়ির ক্ষেত্রে সিসি বা কিলোওয়াটভিত্তিক পরিবেশ সারচার্জ আরোপের প্রস্তাব করেছের অর্থমন্ত্রী। ফলে একাধিক গাড়ি রাখার ক্ষেত্রে খরচ বাড়বে। জমি নিবন্ধনে উৎস কর বাড়ছে। বিদেশ ভ্রমণ কমিয়ে আনতে ভ্রমণ কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ বিমান ভ্রমণেও করহার বাড়ছে। বল পয়েন্ট কলমে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। এলপিজি সিলিন্ডার তৈরির স্টিলের উপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। দেশে তৈরি মোবাইল সেট উৎপাদন পর্যায়ে ০ (শূন্য) শতাংশের পরিবর্তে ২ শতাংশ, সংযোজন পর্যায়ে যথাক্রমে ৩ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ এবং ৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করে প্রজ্ঞাপনের মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করা হয়েছে।

প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেট সামগ্রীসহ যে কোনো পণ্যের (টিফিন বক্স ও পানির বোতল ব্যতীত) ভ্যাট ৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। আমদানি করা সাবান ও ডিটারজেন্ট পাউডারের রেগুলেটরি ডিউটি ৩ থেকে ২০ শতাংশ করার প্রস্তাব এসেছে বাজেটে। আমদানি করা সিমেন্ট ক্লিংকারের প্রতি টনের স্পেসিফিক রেট অব ডিউটি ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। সফটওয়্যার আমদানির শুল্ক ২৫ শতাংশ ও ভ্যাট ১৫ শতাংশ আরোপের প্রস্তাব করা হয়েছে বাজেটে।সব ধরনের খেজুর আমদানিতে ২৫ শতাংশ শুল্ক ও ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব এসেছে। বাইসাইকেলের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading