হিরো আলমের মনোনয়নপত্র বাতিল
উত্তরদক্ষিণ । রবিবার, ১৮ জুন ২০২৩ । আপডেট ১৫:০০
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করার কথা জানিয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। তবে নির্বাচন কমিশনে আপিল করলে কাজ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেছেন, নির্বাচন কমিশন থেকে কিছু পাওয়া যাবে না। ওখান থেকেও বাতিল করে দেবে। সেটা আমার জানা হয়ে গেছে। হাইকোর্ট ছাড়া কোনো উপায় নেই।’
রবিবার (১৮ জুন) দুপুরে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর এসব কথা বলেন আলোচিত এই ইউটিউবার।
এর আগে হিরো আলমসহ আটজনের মনোনয়নপত্র বাতিল করার কথা জানান রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।
হিরো আলমের মনোনয়ন বাতিলের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, যেকোনো সংসদীয় আসনে নির্বাচন করতে হলে এক শতাংশ ভোটারের নাম ও স্বাক্ষর প্রয়োজন হয়। কিন্তু এই এক শতাংশ ভোটার ও তাদের স্বাক্ষর নিতে পারেননি তিনি। রিটার্নিং কর্মকর্তার প্রতিনিধি দল সরেজমিন ঘুরে হিরো আলমের দেওয়া এক শতাংশ ভোটারের হদিস পায়নি। এজন্যই তার মনোনয়ন বাতিল হয়েছে।
মনোনয়নপত্র বাতিলের পর এখন কি করবেন জানতে চাইলে হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘যেটা করার সেটাই করতে হবে। আপিল করতে হবে। আগে নির্বাচন কমিশনে, তারপরে হাইকোর্টে আপিল করব।’
নির্বাচন কমিশনে কবে আপিল করবেন জানতে চাইলে আলোচিত এই ইউটিউবার বলেন, ‘আগামীকাল আপিল করব।’
কী কারণে মনোনয়নপত্র বাতিল হলো জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আজ আমার তিনজন ভোটার উপস্থিত ছিল। কিন্তু ভোটারদের স্বাক্ষর দেখল না। ভোটাররা উপস্থিত ছিল তাদের দেখেনি…। আমি বলব নির্বাচন কমিশনার ইচ্ছা করে এটা করেছে। তার কারণ, আমার ভোটাররা সেখানে উপস্থিত, ভোটারদের কেন দেখল না; প্রশ্ন আমার একটাই।’
আক্ষেপ করে তিনি বলেন, ‘ওরা বলছে স্বাক্ষর খুঁজে পায়নি। আমি বলেছি, তারা (ভোটাররা) আমার সামনে। তখন বলেছে, স্বাক্ষরে মিল নেই। আমি বললাম, তারা আমার সামনে, দেখেন। নির্বাচন কমিশন দেখল না কেন?’
ইউডি/কেএস

