জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে: জিএম কাদের
উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ জুন ২০২৩ । আপডেট ২০:১০
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, রাজপথে দেশের মানুষ নামবে না তাও বলা যাচ্ছে না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।
২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন হবে না। যে কোনো প্রক্রিয়ায় ঐ ধরনের ফলাফলের জন্য চেষ্টা করবে সরকার। সোমবার (২৬ জুন) দুপুরে পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছে। আওয়ামী লীগ দল ও জান বাঁচাতে যে কোনো ভাবেই ক্ষমতায় থাকতে চাইবে। আওয়ামী লীগের ধারণা, রাজনৈতিক পট পরিবর্তন তাদের জন্য ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে। গোলাম মোহাম্মদ কাদের বলেন, ঈদের পরে আন্দোলনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। কিন্তু তাতে দেশের মানুষ রাজপথে নামবে কি না তা নিশ্চিত নয়।
অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিদেশিদের চাপ আছে। বিদেশিরা চায় দেশে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যত দিন যাবে ততই পরিষ্কার হবে বিষয়টি। কারণ, বিদেশিরা আরও চাপ দেবে এবং সরকার তা কতটা সহ্য করতে পারবে। সরকার এক ধরনের চেষ্টা করবে, সরকারের বিরোধীরা এক ধরনের চেষ্টা করবে এবং বিদেশিরা এক ধরনের চেষ্টা করবে। কাদের আরও বলেন, সরকার জাতীয় পার্টিকে দুর্বল করার জন্য চেষ্টা করছে। বিভিন্ন সূত্র থেকে আমাকে জানানো হচ্ছে, সরকারের বিভিন্ন সংস্থা জাতীয় পার্টির বিরুদ্ধে নেতিবাচক রিপোর্ট গণমাধ্যমের ওপর করতে চাপ সৃষ্টি করছে।
ইউডি/এজেএস

