পেছালো পরীমনির মাদক মামলার সাক্ষ্য

পেছালো পরীমনির মাদক মামলার সাক্ষ্য

উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ জুলাই ২০২৩ । আপডেট ১৩:০০

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ থাকায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৮ আগস্ট ধার্য করেছেন আদালত।

রবিবার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য ছিল। তবে এদিন পরীমনির আইনজীবী আদালতকে জানান, আপিল বিভাগ থেকে মামলাটির ওপর স্থগিতাদেশ বিষয়ে শুনানির জন্য রয়েছে। স্থগিতাদেশ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য গ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী পরীমনির ব্যক্তিগত হাজিরা বাতিলের চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত উচ্চ আদালতের আদেশ প্রাপ্তি সাপেক্ষে মামলার পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ২৮ আগস্ট ধার্য করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন। এদিন পরীমনির পক্ষে তার আইনজীবী হাজিরা দেন। পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদার আদালতে হাজিরা দেন।

গত ৯ জানুয়ারি পরীমনির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমনির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়। ৩১ আগস্ট জামিন পান পরীমনি। পরদিন তিনি কারামুক্ত হন।

এদিকে ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। গত বছর ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading