সরকারের পদত্যাগ চেয়ে বিএনপি’র ‘এক দফা’ ঘোষণা

সরকারের পদত্যাগ চেয়ে বিএনপি’র ‘এক দফা’ ঘোষণা

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ জুলাই ২০২৩ । আপডেট ১৯:৪৫

সরকারের পদত্যাগ ও সংসদের বিলুপ্তি চেয়ে ‘এক দফা’ ঘোষণা করেছে বিএনপি। বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই ‘এক দফা’ সামনে রেখেই আগামীতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি। এর অংশ হিসেবে আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এতদিন যেসব রাজনৈতিক দল যুগপৎভাবে এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি তারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা একটা যৌথ ঘোষণা দেব যার যার জায়গা থেকে। আমরা প্রায় ৩৬টি রাজনৈতিক দল ও জোট এ সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্তটি হচ্ছে, যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের ‘এক দফা’র ঘোষণা দেওয়া।

এক দফার ঘোষণায় ফখরুল বলেন, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী এবং কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা গায়েবি মামলা প্রত্যাহার, তারেক রহমানের মামলাসহ ফরমায়েশি সাজা বাতিল, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ‘এক দফা’ দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলো যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা ও তা সফল করার ঘোষণা করছি।

মির্জা ফখরুল বলেন, শুধুমাত্র যুগপৎ আন্দোলনের অংশগ্রহণকারী দলগুলো নয়, এর বাইরে যারা আছেন, যারা এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছেন, লড়াই-সংগ্রাম করছেন তাদের আহ্বান জানাচ্ছি, আসুন একসঙ্গে সমবেত হয়ে উত্তাল আন্দোলন গড়ে তুলি। যে আন্দোলনের মধ্য দিয়ে এই লুটেরা, ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার ও রাষ্ট্র নির্মাণ করতে পারব।তিনি আরও বলেন, আমি আবারও এ অসাংবিধানিক, লুটেরা ও কর্তৃত্ববাদী সরকারকে বলছি, এখনো সময় আছে। এই ঘোষণার পর পদত্যাগ করুন। অন্যথায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস থেকে পরিষ্কার বোঝা যায়, তখন কিন্তু পালানোর পথও পাবেন না।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading