শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবে বিএনপি

শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবে বিএনপি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ । আপডেট ২০:০০

শনিবার (২৯ জুলাই) ঢাকার সব প্রবেশমুখে ‘শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচি ডেকেছে বিএনপি। এদিন ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির সঙ্গে একযোগে এই কর্মসূচি পালন করবে যুগপতে যুক্ত ৩৬টি দল ও বিভিন্ন জোট। শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর নয়া পল্টনে আয়োজিত ‘মহাসমাবেশে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা করেন। শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে এই মহাসমাবেশ হয়েছে। ৩১ দফার ভিত্তিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। কর্মসূচি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের। আমরা আশা করবো প্রশাসন শান্তিপূর্ণভাবে পালন করতে দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করবে।

শনিবার ছুটির দিন হলেও সব দলকে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবো, বলেন ফখরুল। তিনি উল্লেখ করেন, এই সমাবেশ পরিবর্তনের মাইলফলকের সমাবেশ। বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর দলীয়করণ হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল। প্রশাসনের উদ্দেশে ফখরুল বলেন, দলীয় সরকারের বেআইনি আদেশে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। আমরা জানি, এই দেশের জন্য আপনার কল্যাণ চান। নিয়ম মতো আইনের অধীনে কাজ করার আহ্বান জানান ফখরুল।

তিনি বলেন, বেআইনি গ্রেফতার ও হয়রানি বন্ধ করে কারাগারে আটকদের ছেড়ে দিন। আমাদের খালেদা জিয়াকে মুক্তি দিন। মিথ্যা মামলা প্রত্যাহার করুন। ভালো চাইলে একদফা দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। গত ১৪ বছরে ১০০ বিলিয়ন ডলার বাইরে পাচার হয়ে গেছে, বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, আমাদের সামনে মাত্র একটি লক্ষ্য, আমরা আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে চাই। আমরা সেই বাংলাদেশ ফিরে চাই, যে বাংলাদেশের স্বপ্ন শহীদ জিয়া দেখেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেখেছিলেন।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহার স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল বলেন, আপনাদের মনে আছে নিশ্চই, এই সরকার বলেছিল আপনাদের ১০ টাকা কেজি চাল খাওয়াবে। এখন ৮০ টাকা ৯০ টাকা কেজি চাল। বলেছিল, ঘরে ঘরে চাকরি দেবে। সেই চাকরি কি আমাদের ছেলেরা পেয়েছে কেউ? পায়নি। সেই চাকরি তারা আওয়ামী লীগের ছেলেদের এবং টাকার বিনিময়ে দেয়। আজকে বিদ্যুতের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যে সাধারণ মানুষ তাদের জীবনযাত্রা চালাতে পারছে না। বিদ্যুতে নাকি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। এমন স্বয়ংসম্পূর্ণ হয়েছে যে সারা বাংলাদেশে কোথাও বিদ্যুৎ নেই, ১০ মিনিট পরপর বিদ্যুৎ যায়, সব ঢাকা শহরে নিয়ে এসেছে। বিদ্যুৎ থেকে তারা হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, বিদেশে পাঠিয়েছে।

ইউডি/এজেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading