‘ইইউ-বাংলাদেশ অংশীদারত্ব ইতিবাচক গতি পাচ্ছে’
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ । আপডেট ২১:৩০
ইইউ পার্লামেন্টের ভাইস-প্রেসিডেন্ট জোসেফ বোরেল ইউরোপে বসবাসরত ৩২১ জন প্রবাসীর লেখা চিঠির জবাবে জানিয়েছেন, ইইউ-বাংলাদেশ অংশীদারত্ব ইতিবাচক গতি পাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হচ্ছে। প্রতিবাদী চিঠি পাঠানো প্রবাসী সেই দলভুক্তদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১২ জুন ইউরোপীয় পার্লামেন্টের ছয় জন সদস্য বাংলাদেশের দ্বাদশতম নির্বাচন, মানবাধিকার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে একটি চিঠি প্রদান করে। এই চিঠির প্রতি উত্তরে ইইউ পার্লামেন্টের ভাইস-প্রেসিডেন্ট জোসেফ বোরেলের পক্ষ থেকে বাংলাদেশে ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের ইইউ প্রতিনিধি দলের প্রধান রেনসী ট্যারিঙ্ক, ‘বাংলাদেশ সিভিল সোসাইটি ইন ইউরোপ’ এর সমন্বয়ক ড. মোহাম্মদ মাজহারুল ইসলামকে লেখা চিঠিতে জানিয়েছেন, বৈদেশিক বিষয় এবং নিরাপত্তা নীতির জন্যই ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধি/ইউরোপীয় কমিশনের ভাইস-প্রেসিডেন্ট জোসেপ বোরেল ফন্টেলেসের কাছে লিখিত বিস্তারিত তথ্যের জন্য ধন্যবাদ। তিনি আমাকে তার পক্ষে উত্তর দিতে বলেছেন।
তিনি জানান, আপনাদের চিঠিতে যে উদ্বেগগুলো উত্থাপন করেছেন এবং বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ৬ জন এমইপির পাঠানো ১২ জুনের চিঠিটি প্রত্যাহারের জন্য অনুরোধের বিষয়ে যথাযথ নোট নেওয়া হয়েছে। রেনসী ট্যারিঙ্ক আরও জানান, বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে আমি আপনাকে আশ্বস্ত করছি যে, ইইউ-বাংলাদেশ অংশীদারত্ব ইতিবাচক গতি পাচ্ছে এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করেছি। ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্রগুলো মানবাধিকার এবং অন্যান্য অগ্রাধিকারের বিষয়ে বাংলাদেশ সরকার ও সুশীল সমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।
ইউডি/এজেএস

