অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: টাইগারদের ম্যাচ কবে, কখন?
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৪:৩০
দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই দক্ষিণ আফ্রিকা, যেখানে চার বছর আগে বিশ্বজয়ের কীর্তি গড়েছিলেন বাংলাদেশের যুবারা। আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরেছিল। মূলত এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। তবে শ্রীলঙ্কা আইসিসির নিষেধাজ্ঞা পাওয়ায় সেখানে আর হচ্ছে না। টুর্নামেন্টের আয়োজন স্বত্ব পায় দক্ষিণ আফ্রিকা।
২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অংশ নিচ্ছে ১৬ দল। চার গ্রুপে চারটি করে দল। ‘এ’গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে বাংলাদেশ-ভারত ম্যাচ। মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বেই গত বছরের ডিসেম্বরে দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে হেসেখেলেই ভারতকে হারিয়ে দিয়েছিল তারা। রাউন্ড রবিন পদ্ধতির গ্রুপ পর্বের পর হবে সুপার সিক্স পর্ব। এবারের বিশ্বকাপে সব মিলে ম্যাচ হবে ৪১টি। ১১ ফেব্রুয়ারি বেনোনির উইলিমুর পার্কে হবে টুর্নামেন্টের ফাইনাল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখন পর্যন্ত ১৪ বার আয়োজিত হয়েছে। সবচেয়ে বেশি পাাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে দুবার।
২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ ‘এ’: বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড, নেপাল
বাংলাদেশ ম্যাচের সূচি: প্রতিপক্ষ: ভারত; ভেন্যু: ব্লুমফন্টেইন; ২০ জানুয়ারি, ২০২৪ প্রতিপক্ষ: আয়ারল্যান্ড; ভেন্যু: ব্লুমফন্টেইন; ২২ জানুয়ারি, ২০২৪ প্রতিপক্ষ: যুক্তরাষ্ট্র; ভেন্যু: ব্লুমফন্টেইন; ২৬ জানুয়ারি, ২০২৪ সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়
ইউডি/এজেএস

