তামাকজনিত রোগের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার মৃত্যু

তামাকজনিত রোগের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার মৃত্যু

উত্তরদক্ষিণ । বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৬:০০

দেশে বছরে সরাসরি তামাকজনিত রোগের কারণে ১ লাখ ৬১ হাজার মৃত্যু হয়।দেশে সবচেয়ে বেশি মৃত্যু হয় অসংক্রামক রোগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর মোট মৃত্যুর ৬৭ শতাংশ হয় অসংক্রামক রোগের কারণে। এসব রোগে আক্রান্ত হওয়ার মূল কারণগুলোর মধ্যে আছে তামাক ও তামাকজাত দ্রব্যের যথেচ্ছ ব্যবহার। বাংলাদেশে বছরে অসংক্রামক রোগে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ৭২ হাজার; যার মধ্যে ১ লাখ ৬১ হাজার মৃত্যু হয় সরাসরি তামাকজনিত রোগের কারণে। বাংলাদেশে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন বলে জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। আর তামাকজনিত বিভিন্ন রোগে প্রতিবছর প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যু হয়।

বুধবার (৩১ জানুয়ারি) প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পাবলিক প্লেস ও গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার হন ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ। দেশে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন। প্রতিবছর তামাকের কারণে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। এ মৃত্যু ঠেকাতে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করতে হবে। বক্তারা আরও বলেন, ২০১৬ সালের ৩১ জানুয়ারি দক্ষিণ এশীয় স্পিকার্স সামিটের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে তামাকের ব্যবহার নির্মূল করার ঘোষণা দেন। একই সঙ্গে এই লক্ষ্য অর্জনে তিনটি পদক্ষেপের কথা জানান। সেগুলো হলো স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবহার করে একটি তহবিল গঠন করা, তামাকের ওপর বর্তমান শুল্ক কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক শুল্কনীতি গ্রহণ করা এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের জন্য সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক গোলাম মহিউদ্দিন ফারুক। ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক সোহেল রেজা চৌধুরী প্রমুখ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, পৃথিবীতে প্রতি ২ সেকেন্ডে একজন করে অসংক্রামক রোগে আক্রান্ত রোগীর মৃত্যু হয়। হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি রোগ, শ্বাসরোগের মতো এসব অসংক্রামক রোগে প্রতিবছর দেড় কোটি মানুষ মারা যান, যাদের বয়স ৩০ থেকে ৬৯ বছরের মধ্যে। এই অকালমৃত্যুর ৮৫ শতাংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ঘটে। বাংলাদেশ এর মধ্যে উল্লেখযোগ্য। সংশ্লিষ্টরা বলছেন, অসংক্রামক রোগ কেবল শারীরিক দিক থেকেই নয়, পুরো একটি পরিবারের অর্থনৈতিক ভিতকে নাড়িয়ে দিতে যথেষ্ট। এখনও দেশের আপামর মানুষের আর্থিক সঙ্গতি অসংক্রামক রোগের চিকিৎসার জন্য পর্যাপ্ত নয়। তাই, জনস্বাস্থ্য সুরক্ষায় এসব রোগব্যাধি প্রতিরোধ করতে তামাক নিয়ন্ত্রণ জরুরি।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading