হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস দেশের চিংড়ি চাষীদের জন্য বড় হুমকি

হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস দেশের চিংড়ি চাষীদের জন্য বড় হুমকি

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৬:৩০

পেশায় চিকিৎসক আফতাবুজ্জামান ১৯৬৮ সালে সাতক্ষীরা জেলায় চিংড়ি চাষ শুরু করেন। ১৯৯৪ সালে তার হ্যাচারির চিংড়িতে মারাত্মক এক রোগের সংক্রমণ না হওয়া পর্যন্ত তার প্রজেক্টটি খুব ভালো চলছিল।

সংক্রমণে তার বেশিরভাগ চিংড়িই মরে যায়। তখন জানা যায়, হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাসের কারণে এটি হচ্ছে। বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ডা. আফতাবুজ্জামান বলেন, প্রথমবারের মতো আমরা জানতে পারি যে কক্সবাজার, সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট এলাকার প্রকল্পগুলোতে একটি মারাত্মক ভাইরাস চিংড়িকে আক্রমণ করেছে।

১৯৯৪ থেকে ১৯৯৮ সালের মধ্যে এই ভাইরাসের আক্রমণে অনেক চাষি ক্ষতিগ্রস্ত হয়, তাদের মধ্যে অনেকেই ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হয়ে পেশা ছেড়ে দিতে বাধ্য হন। হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস এখনও দেশের চিংড়ি চাষীদের জন্য বড় হুমকি, কারণ এটি প্রতি বছর ব্যাপক ক্ষতি করছে, বলেন ডা. আফতাবুজ্জামান। তিনি বলেন, এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকর কোনো ওষুধ বা ভ্যাকসিন পাওয়া যায় না।

তবে চিংড়ি চাষিদের জন্য আশার কথা হলো দেশের গবেষকেরা, যাদের বেশিরভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাসের জিনগত গঠন আবিষ্কার করেছেন এবং এর একটি নতুন রূপও শনাক্ত করেছেন। গবেষকদের মতে, তাদের চূড়ান্ত লক্ষ্য ভাইরাসের বিরুদ্ধে একটি কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন করা।

তারা বলেন, হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাসের পূর্ণাঙ্গ জিনগত বিন্যাস সম্পন্ন করার মাধ্যমে ভ্যাকসিন উদ্ভাবনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। বিশেষজ্ঞদের মতে, দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস চিংড়ি খাত। হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস চিংড়ির অন্যতম শত্রু।

এই ভাইরাসের সংস্পর্শে আসার তিন থেকে সাত দিনের মধ্যে ওই এলাকার সব চিংড়ি মারা যায়। তারা বলেন, এই ভাইরাসের কোনো নির্দিষ্ট প্রতিষেধক বা ভ্যাকসিন নেই। এর পেছনে একটি কারণ হলো বাংলাদেশে এই ভাইরাসের জিনগত গঠন সম্পর্কে কোনো তথ্য ছিল না।

এই ভাইরাসের ব্যাপক প্রাদুর্ভাবের জন্য দায়ী একটি নতুন ভ্যারিয়েন্ট সম্প্রতি দেশে পাওয়া গেছে এবং তা প্রথমবারের মতো হোয়াইট স্পট সিন্ড্রোম ভাইরাসের পূর্ণাঙ্গ জিনগত বিন্যাস উন্মোচন করার মাধ্যমে চিহ্নিত করেছেন দেশের একদল গবেষক।

কক্সবাজার ও সাতক্ষীরা জেলার হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাসের জিনগত বিন্যাস উন্মোচন করে তারা আবিষ্কার করেন যে ভাইরাসটির একটি সম্পূর্ণ নতুন ভ্যারিয়েন্ট বর্তমানে বাংলাদেশে সক্রিয় যা ইন্ডিয়া, তাইওয়ান, থাইল্যান্ড এবং অন্যান্য দেশের ভাইরাসের ভ্যারিয়েন্টগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন এবং এর জিনগত গঠন অনেক বেশি স্বতন্ত্র।

হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস প্রধানত চিংড়িতে সাদা বৃত্তাকার দাগ সৃষ্টির জন্য দায়ী, বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। তিনি বলেন, এটি একটি অত্যন্ত প্রাণঘাতী ও সংক্রামক ভাইরাস এবং বিশ্বব্যাপী চিংড়ি খাতে বছরে প্রায় ৬০ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির জন্য এটি দায়ী।

এই ভাইরাস সংক্রমণের দুই থেকে তিন দিনের মধ্যে মৃত্যু ঘটায় উল্লেখ করে তিনি বলেন, এই ভাইরাসে আক্রান্ত হলে এক সপ্তাহের মধ্যে পুরো চিংড়ি ঘের বা প্রকল্প নিশ্চিহ্ন হয়ে যায়।

গবেষকরা বলেন, হোয়াইট স্পট সিন্ড্রোম ভাইরাস ক্রাস্টেসিয়ানদের সংক্রমিত করে। যেমন: চিংড়ি, গলদা চিংড়ি, কাঁকড়া প্রভৃতি। অন্য কোনো মাছকে আক্রমণ করে না।

এই ভাইরাসটি মূলত চিংড়ি কোষের আনুষঙ্গিক প্রোটিন হিসাবে ‘র‍্যাব ৭’ নামক পরিবাহকের সাহায্যে কোষে প্রবেশ করে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। তিনি এই গবেষণার একজন প্রধান গবেষকও।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading