ঢাবির ভর্তি পরীক্ষার ফল এক মাসের মধ্যে: উপাচার্য

ঢাবির ভর্তি পরীক্ষার ফল এক মাসের মধ্যে: উপাচার্য

উত্তরদক্ষিণ । শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ১৪:০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার ফল আগামী এক মাসের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের আন্ডারগ্রাজুয়েট ভর্তি পরীক্ষা পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, যেহেতু লিখিত পরীক্ষা আছে সুতরাং খাতা দেখতে হবে, তাই ফলাফল প্রকাশ করতে একটু দেরি হবে। তবে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে।

শনিবার ঢাবির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার ২য় দিনে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩৭ হাজার ৬৭৯ জন শিক্ষার্থী। আসন প্রতি পরীক্ষা দিয়েছেন প্রায় ৩৬ জন শিক্ষার্থী।

এর আগে, শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মোট এক লাখ ১২ হাজার ২৭৪ জন আবেদনকারীর প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী অংশ নেয়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের পরীক্ষার পরিবেশ সৃষ্টির জন্য দেশের প্রতিটি বিভাগের একটি করে বিশ্ববিদ্যালয়কে ঢাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। এর মধ্যে রয়েছে- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

ঢাবির অন্য দুটি ইউনিটের (বিজ্ঞান ও চারুকলা) ভর্তি পরীক্ষা আগামী ১ মার্চ (শুক্রবার) এবং ৯ মার্চ (শনিবার) অনুষ্ঠিত হবে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading