প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় রেস্তোরাঁ মালিক সমিতি

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় রেস্তোরাঁ মালিক সমিতি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৫ মার্চ, ২০২৪, আপডেট ১১:০০

রাজধানীতে গত কয়েকদিনের অভিযানে প্রায় ৪০টির মতো রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য তার কার্যালয়ে চিঠি পাঠিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর বিজয়নগরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ইমরান হাসান।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে দপ্তরে চিঠি দিয়েছি। বিশ্বাস করি, উনি দেখলে আমাদের ডাকবেন। আর যদি সাক্ষাৎ না পাই, তাহলে সমস্ত রেস্টুরেন্টের চাবি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিয়ে অন্য কাজে চলে যাব।

তিনি আরও বলেন, আমাদের ওপর যে অবিচার করা হচ্ছে, সেটি কী হাইকোর্ট দেখছেন না? এই দেশে তো বিচারহীনতার সংস্কৃতি চলছে।

আজ সকালের দিকে বেইলি রোডের নবাবী ভোজ রেস্তোরাঁয় ঝটিকা অভিযান পরিচালনা করে সেটি বন্ধ করে দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। তবে, নবাবী ভোজের ১২টি লাইসেন্স আছে উল্লেখ করে মালিক সমিতির সভাপতি বলেন, তাহলে কেন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে?

সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কিছু লোক রেস্তোরাঁ নিয়ে ষড়যন্ত্র করছে। তারা অন্যান্য ব্যবসার মতো রেস্তোরাঁ ব্যবসাকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে এগুলো করছে।

প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়। এছাড়া, গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।

বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে, সেটি সাততলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান।

তিনতলায় ছিল কাপড়ের দোকান। বাকি সব ছিল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টগুলোতে ছিল গ্যাস সিলিন্ডার। যে কারণে আগুনের তীব্রতা ছড়িয়েছে ভয়াবহভাবে। এছাড়া, ওই ভবনটিতে অগ্নিনির্বাপণের যথাযথ কোনো ব্যবস্থা রাখা ছিল না।

পরে বেইলি রোডের এ আগুনের ঘটনায় নড়েচড়ে বসে সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজধানীর যেসব ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ নয়, সেসব ভবনে গড়ে তোলা রেস্টুরেন্টগুলোতে অভিযান চালানো শুরু হয়। রেস্টুরেন্টগুলোতে অগ্নিনির্বাপণের যথাযথ ব্যবস্থা না থাকলে সেগুলোকে জরিমানা এমনকি সিলগালাও করে দেওয়া হচ্ছে। গত কয়েকদিনে রাজধানীতে ৪০টি রেস্টুরেন্ট সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading