নয়াপল্টনের সমাবেশ স্থগিত করল বিএনপি
উত্তরদক্ষিণ । সোমবার, ২২ এপ্রিল, ২০২৪, আপডেট ১৮:৩০
দেশজুড়ে চলমান তাপপ্রবাহের কারণে আগামী ২৬ এপ্রিলের (শুক্রবার) সমাবেশ স্থগিত করেছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এই সমাবেশটি রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সোমবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, পরবর্তী তারিখ চূড়ান্ত হওয়ার পর জানানো হবে। এর আগে গত শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশ ডেকেছিল দলটি। পরদিন রবিবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শান্তি ও উন্নয়ন সমাবেশের ঘোষণা করে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৬ এপ্রিল) বেলা ৩টা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে।
ইউডি/এজেএস

