এনসিটি পরিচালনা: সেই সাইফ পাওয়ারসহ ৩ কোম্পানির প্রস্তাব
উত্তরদক্ষিণ। সোমবার (০৮ জুন) ২০২৬, আপডেট ২৩:৩০
চট্টগ্রাম বন্দরের আলোচিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার প্রস্তাব দিয়েছে সাইফ পাওয়ার টেক লিমিটেড, কসমস এন্টারপ্রাইজ এবং এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড নিয়ে গঠিত তিন দেশীয় প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম।
২৯ এপ্রিল নৌপরিবহন মন্ত্রণালয়ে এই কনসোর্টিয়ামের পক্ষ থেকে ১৫ বছরের জন্য এনসিটি পরিচালনার প্রস্তাবটি দেওয়া হয়। তবে এ বিষয়ে জানা যায় সোমবার।
গত বৃহস্পতিবার এক চিঠিতে এনসিটি ইজারায় দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে সরকার।
এই নির্দেশ সামনে আসার পর প্রায় দেড় মাস আগের দেশীয় প্রতিষ্ঠানের দেওয়া প্রস্তাবের বিষয়টি জানা গেল।
‘সাইফ-কসমস-এভারেস্ট পোর্ট সার্ভিসেস কনসোর্টিয়াম’ নামে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন, কসমস এন্টারপ্রাইজের ম্যানেজিং পার্টনার হাসিন বিন আশরাফ এবং এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসেনের সই রয়েছে।
এরমধ্যে সাইপ পাওয়ারটেক লিমিটেড ২০০৭ সাল থেকে ২০২৪ সালের ৬ জুলাই পর্যন্ত এনসিটি পরিচালনার দায়িত্বে ছিল।
কসমস এন্টারপ্রাইজের চেয়ারম্যানের দায়িত্বে আছেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান, যিনি লহ্মীপুর-৪ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।
অন্যদিকে লহ্মীপুর-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিম আছেন এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে।
প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন বলেন, আমরা দীর্ঘমেয়াদে এনসিটি পরিচালনার প্রস্তাব দিয়েছি, ইজারা নয়। এই সময়ে রেভিনিউ (মাশুল) আদায় করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
ইউডি/এবি

