যা যা দরকার দেব, আমরা ফেইল করতে চাই না: ইসি আহসান হাবীব
উত্তরদক্ষিণ । সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, আপডেট ১৭:১৫
‘ঘামাচি হলেই গেলে ফেলে দিন, কারণ ঘামাচি থেকে ফোড়া হবে, ফোড়া থেকে হবে টিউমার, আর টিউমার থেকে হবে ক্যান্সার, তখন হাত কেটে ফেলতে হবে’ । সুতরাং আগেভাগেই ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান নির্বাচন কমিশনার অব. ব্রি. জে. আহসান হাবীব খান । সোমবার (২৯ এপ্রিল) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহে কর্মকর্তাদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন ।
তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যারা অন্যরকম চিন্তা করে জেতার চেষ্টা করবেন, সেসব করে কোন লাভ হবে না । ডিসি, এসপি যদি মনে করে, আরো ফোর্স প্রয়োজন, আমরা সব দিব, যা যা দরকার তাই দেব, কিন্তু আমরা ফেইল করতে চাই না ।
তিনি আরো বলেন, কর্মকর্তারা আমাকে আশ্বস্ত করেছেন, যেভাবে তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাফল্যের সাথে সম্পন্ন করেছেন তারা ঠিক সেভাবেই সঠিক দ্বায়িত্ব পারনের মাধ্যমে আগত নির্বাচনগুলোও সম্পন্ন করবেন । কোন প্রভাবে তারা বিচলিত হবেন না । নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হবে ।
ঝিনাইদহ সরকারী কেশব চন্দ্র মহাবিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, এসপি আজিম উল আহসানসহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ ।
ইউডি/এজেএস

