আমরা ভালো উইকেটে খুব কম ম্যাচই খেলি: শান্ত
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, আপডেট ১৮:২৫
আগামী ২ জুন থেকে আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ইভেন্ট সামনে রেখে বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যেখানে নিজেদের উন্নতির জন্য ঘরের মাঠে ভালো উইকেটে খেলার তাগিদ দিয়েছেন শান্ত।
টি-টোয়েন্টিতে বড় স্কোর করতে না পারার জন্য ঘরের মাঠের উইকেটকে কাঠগড়ায় তুলেছেন তিনি। এএফপিকে শান্ত বলেন, প্রথমত, আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকেই এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন। কিন্তু এটাই সত্যি আমরা ভালো উইকেটে খুব কম ম্যাচই খেলি।
শান্ত আরও বলেন, ছয় মাসের মধ্যে সবকিছু বদলে ফেলা কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক-দুই বছর খেলতে থাকি, তাহলে স্ট্রাইক রেটের উন্নতি হবে। তিনি বলেন, আমরা কয়েকটি সিরিজ জিতেছি এবং বড় দলের বিপক্ষেও জিতেছি। দল আত্মবিশ্বাসী আছে।
তিনি আরও বলেন, সম্প্রতি আমরা যে ম্যাচগুলো খেলেছি, বিশ্বকাপে যদি আমরা সেভাবে খেলতে পারি, আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারি ও আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো কিছু করা সম্ভব।
ইউডি/এজেএস

