বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমে আসার সম্ভাবনা
উত্তরদক্ষিণ । শুক্রবার, ৩১ মে, ২০২৪, আপডেট ১৯:৪০
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে টানা বৃষ্টিতে তাপমাত্রাও কমে আসে অনেকটা। তবে রেমালের প্রভাব কেটে যাওয়ার পর আবার গরম পড়তে শুরু করেছে। এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর বলছে, টানা তাপপ্রবাহের আশঙ্কা কম। বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমে আসার সম্ভাবনা রয়েছে। শুক্রবার (৩১ মে) ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর-পশ্চিমে বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে। এ বায়ু আরও অগ্রসর হতে পারে। ফলে আগামী তিন দিন সারা দেশে ঝড়বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণেরও আভাস রয়েছে। এ সময় তাপমাত্রা কমে আসবে।
শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২২ মিলিমিটার ও নীলফামারীর ডিমলায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। এ ছাড়া খুলনা, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হয়েছে।
তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
দ্বিতীয় দিনের বিষয়ে আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তৃতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনরাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
ইউডি/এজেএস

