কোরবানি ঈদ: জমে উঠেছে ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ জুন, ২০২৪, আপডেট ১২:১৫
কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীতে জমে উঠতে শুরু করেছে ফ্রিজসহ ইলেকট্রনিকস পণ্যের ব্যবসা। স্বাভাবিক সময়ের তুলনায় এবার ৩০ থেকে ৪০ শতাংশ বেশি বিক্রির আশা ব্যবসায়ীদের। তবে ডলার সংকট ও এলসি জটিলতায় এবার ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য আনতে পারছেন না বলে অভিযোগ তাদের। দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। উৎসব উপলক্ষে নতুন পণ্য ঘরে আনাটাও আলাদা আন্দের বিষয়। কোরবানি ঈদ তাই প্রতিবছরের মতো বাড়ছে ইলেকট্রনিকস পণ্যের চাহিদা। কোরবানির পশুর মাংস সংরক্ষণে ফ্রিজ কিনতে রাজধানীর ইলেকট্রনিকসের দোকান ও ব্র্যান্ডের শোরুমগুলোতে ভিড় করছেন ক্রেতারা।
সব শ্রেণির ক্রেতাকে লক্ষ্য করে ডিসকাউন্ট ও ক্যাশব্যাকসহ বিভিন্ন অফার দিচ্ছে কোম্পানিগুলো। দেয়া হচ্ছে সহজ কিস্তির সুবিধাও। তবে দাম নিয়ে বরাবরের মতো অভিযোগ ক্রেতার। তারা জানান, ব্যয়ের তুলনায় আয় বাড়ছে না। প্রয়োজনের তাগিদে প্রতিটি ইলেকট্রনিকস পণ্যে গতবারের চেয়ে ২-৩ হাজার টাকা বেশি হাঁকা হচ্ছে।
বাস্তবতা স্বীকার করে ঈদকেন্দ্রিক বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। যদিও এলসি জটিলতায় চাহিদামতো পণ্য দিতে পারছেন না বলে জানান তারা। ব্যবসায়ীরা বলেন, ডলার সংকট ও এলসি জটিলতায় এবার ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য আনা সম্ভব হচ্ছে না। তাই দাম কিছুটা বেড়েছে। ইলেকট্রনিক পণ্যের বাজারে এসি-ফ্যানের চাহিদাও বেড়েছে। ক্রেতা টানতে টিভি, বেøন্ডার, ওয়াশিং মেশিন, রাইস কুকারের মতো পণ্যে নগদ ছাড়সহ বিভিন্ন অফার দিচ্ছে ব্র্যান্ডগুলো।
ইউডি/এজেএস

