কণ্ঠনালিতে সমস্যা, গান গাওয়া নিয়ে শঙ্কিত তাহসান

কণ্ঠনালিতে সমস্যা, গান গাওয়া নিয়ে শঙ্কিত তাহসান

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ জুন, ২০২৪, আপডেট ০৭:০০

জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান অসুস্থ। দীর্ঘদিন ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেনে তিনি। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ খবর জানিয়েছেন তাহসান নিজেই।

কণ্ঠনালির হেটেরোটোপিয়া নামে একটি রোগে ভুগছেন তাহসান খান। এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হয়ে যায়। কমে যায়, গান গাওয়ার মনোবল। ২০১৮ সালে এই সমস্যার শুরু।

তাহসান খান বলেন, ‘একটা সময় খুব ভয় পেয়েছিলাম, হয়তো আর গাইতে পারব না। গত ছয় বছরে বুঝেছি, কখন আমার গলা গাওয়ার অবস্থায় রয়েছে, আর কখন নেই। এ জন্য এখন গান গাওয়াও কমে গেছে। এই সমস্যার চিকিৎসাও চলছে। এ জন্য জীবনযাত্রাতেও পরিবর্তন এসেছে। বদলেছে খাদ্যাভ্যাসও।’

গান গাইতে গেলেও সমস্যা হয়। তবে শ্রোতাদের ভালোবাসায় মুগ্ধ তাহসান বলেন, ‘দেখা গেল আজ একটা বড় কনসার্ট আছে, সেখানে তো আমাকে গাইতেই হবে। এমনটাও হয়েছে যে, আমার গলার অবস্থা বেশ খারাপ। গলাব্যথায় ঠিকমতো কথাও বলতে পারছি না। আর সেই দিনেও এক ঘণ্টা গান গাইতে হবে। এ রকমও হয়েছে, যেমনভাবে পারফর্ম করি, সেভাবে করতে পারিনি। তবে আমি সৌভাগ্যবান যে, শ্রোতাদের ভালোবাসা কখনো কমেনি।’

ভবিষ্যতে গান গাওয়া নিয়ে খানিকটা চিন্তিত তাহসান। তার ভাষায়— ‘যত দিন গড়াচ্ছে, আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে। ভক্তদের এ জন্য জানালাম, ধীরে ধীরে যদি কনসার্ট কমে যায় এবং লাইভে গান গাওয়াও কমে যায়, তাহলে আপনারা বুঝে নেবেন, আমার সমস্যা প্রকট হয়েছে। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, যেন সমস্যা যতটুকু হয়েছে, তা আর বেশি না হয়।’

মাঝে কিছুটা কমে গেলেও এখন আবার সমস্যাটি বেড়েছে। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তাহসান খান।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading