কোটা সংস্কার আন্দোলন: ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
উত্তরদক্ষিণ। শনিবার, ০৬ জুলাই ২০২৪,আপডেট ১৮:০০
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদ এবং কোটা সংস্কারের দাবি জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পদযাত্রা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির মাঝেও শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি চলমান রাখেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শনিবার (৬ জুলাই) সকাল ১১টার দিকে ক্যাম্পাসের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি করেন শিক্ষার্থীরা। ঘণ্টাখানেক অবরোধ শেষে সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক মহাসড়ক ত্যাগ করে তারা।
বিক্ষোভে ‘বঙ্গবন্ধুর বাঙলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান’, ‘স্বাধীন এই বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘১৮ সালের পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে শিক্ষার্থীরা বলেন, ‘২০১৮ সালে আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার কোটা পদ্ধতি বাতিল করেছিল। সম্প্রতি হাইকোর্ট সেটি পুনর্বহাল করেছেন। আমরা হাইকোর্টের রায়কে প্রত্যাখ্যান করছি।
‘চাকরি ও ভর্তি পরীক্ষাসহ সবখানে কোটার ছড়াছড়ি। এর ফলে মেধাবীদের বঞ্চিত করে অপেক্ষাকৃত কম মেধাবীরা সুবিধা নিচ্ছে। আমরা এই বৈষম্য মানি না। আমাদের আন্দোলন কোটা একেবারে বাতিলের দাবিতে নয়। আমরা চাই, ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রেখে কোটা পদ্ধতির সংস্কার করতে হবে।’
এর আগে, ২ ও ৪ জুলাই একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ ও ছাত্র সমাবেশ করেন শিক্ষার্থীরা।

