গুলিতে নিহত চার শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট

গুলিতে নিহত চার শিশুর পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট

উত্তরদক্ষিণ । বুধবার, ৩১ জুলাই, ২০২৪, আপডেট ১২:১০

কোটাবিরোধী আন্দোলন চলাকালে গুলিতে নিহত শিশু আব্দুল আহাদ (৪), রিয়া গুপ্তা (৬), সাফকাত সামির (১১) ও নাইমা সুলতানার (১৫) পরিবারকে ক্ষতিপূরণ দিতে রিট আবেদন করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) আইনজীবী তৈমূর আলম খন্দকার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিটে শিশুদের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে এসব ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চাওয়া হয়েছে।

গত ১৯ জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংস্কার আন্দোলন চলাকালীন চারতলার বারান্দায় গুলিতে নিহত নাইমা আক্তার সুলতানা।

পরিবারের সদস্যরা জানান, ১৯ জুলাই উত্তরায় ৫ নম্বর সড়কে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলছিল। সেখানে পুলিশ-শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। ওই সড়কের পাশেই একটি ভবনের চারতলায় পরিবারের সঙ্গে থাকতো উত্তরা মাইলস্টোন স্কুলের দশম শ্রেণির ছাত্রী নাইমা আক্তার সুলতানা। বারান্দায় শুকানো কাপড় আনতে গিয়ে মাথায় গুলি লাগে তার। সেখানেই লুটিয়ে পড়ে সে। পরে পরিবারের সদস্যরা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ২০ জুলাই নাইমাকে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।

একই দিন কোটা সংস্কার আন্দোলন চলাকালে মিরপুর ১৪ নম্বরের হাউজিং স্টাফ কোয়ার্টারে সাফকাত সামির (১১) ও তার চাচা মশিউর রহমান (১৬) বাসার বেডরুমে জানালার পাশে টেবিলে বসে পড়াশোনা করছিল। এসময় দুষ্কৃতকারীর একটি গুলি মশিউরের ডান কাঁধ ভেদ করে সামিরের ডান চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে যায়। সামিরকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। আর মশিউরকে ১৪টি সেলাই দেন।

শিশু সামিরের মৃত্যুর ঘটনায় বাবা সাকিবুর রহমান গত ২৬ জুলাই রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়। মামলায় দণ্ডবিধির ৩২৬/৩০৭/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading