অর্থনীতি পুনর্গঠনে পোশাক শিল্পকে এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের

অর্থনীতি পুনর্গঠনে পোশাক শিল্পকে এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের

উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, আপডেট ২২:০০

শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ পুনর্গঠনে সহায়তা করতে দেশের পোশাক প্রস্তুতকারকদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর বিদ্যমান চ্যালেঞ্জগুলোর ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেন, সব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটা জগাখিচুড়ির মধ্যে ছিলাম। তারা আমাদের অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে। তবে সবার সহযোগিতায় আমরা জাতিকে পুনর্গঠন করতে পারব।

বৈঠকে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল পরিস্থিতির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দেশ ব্যর্থ হতে পারে না। অন্যথায় এর প্রভাব হবে ভয়াবহ। জাতি অস্তিত্ব সংকটের সম্মুখীন হতে পারে।

ব্যবসাকে রাজনীতি থেকে আলাদা রাখার জন্য প্রস্তুতকারক ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান অধ্যাপক ইউনূস।

তিনি বলেন, আপনাদের স্পষ্ট বার্তা দেওয়া উচিত যে, রাজনীতির সঙ্গে ব্যবসা মেশাবেন না। এতে কোনো লাভ হবে না।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading