আরও ৮ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে: পররাষ্ট্র উপদেষ্টা
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ২০:০০
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে আট হাজারের মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মিয়ানমার থেকে কীভাবে এই অনুপ্রবেশ ঠেকানো যায়, তা নিয়ে আগামী দু-তিন দিনের মধ্যে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে।
মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, আমার কাছে তথ্য আছে, আট হাজারের মতো রোহিঙ্গা ঢুকে গেছে। এখানে বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়ে তখন বিষয়টা আমাদের হয়ে যায়। এটা নিয়ে আসলে আগামী দু-তিন দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রিপরিষদে এবং এটা কীভাবে ঠেকানো যায়, সেটা আমাদের চেষ্টা করতে হবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নীতিগতভাবে আমরা কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয় দেব না, যদিও দুঃখ লাগে কথাটা বলতে, কিন্তু আমাদের জন্য সাধ্যের অতীত, আর পারব না তাদের আশ্রয় দিতে।
ইউডি/এবি

