কাজীপাড়া স্টেশন খুলছে আজ, মেট্রোরেল চলবে শুক্রবারও

কাজীপাড়া স্টেশন খুলছে আজ, মেট্রোরেল চলবে শুক্রবারও

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১২:০৫

ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাঙচুর করা হয় মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন। এরপর গত ২৫ আগস্ট মেট্রোরেল চলাচল স্বাভাবিক হলেও বন্ধ ছিল এই দুটি স্টেশন। তবে আজ শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। এদিন থেকে মেট্রোরেল সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও চলবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন রোডের প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএলের কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ এই তথ্য জানান।

আবদুর রউফ জানান, আজ থেকে মেট্রোরেল শুক্রবারও চলবে। তবে এ ক্ষেত্রে শুক্রবার চলবে দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাতে স্বাভাবিক সময় পর্যন্ত। এ ক্ষেত্রে হেডওয়ে (দুই ট্রেনের মধ্যবর্তী সময়) ১০ মিনিট, ৮ মিনিট ও ১২ মিনিট থাকবে সময় অনুযায়ী।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। তবে শুধু মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে। এখানে এখনো অনেক সরঞ্জাম লাগবে যা আস্তে আস্তে ঠিক করা হবে। তখন খরচ বাড়তে পারে।

মিরপুর-১০ নম্বরের মেট্রো স্টেশন চালু প্রসঙ্গে আবদুর রউফ বলেন, এই স্টেশন নিয়ে একটি কমিটি কাজ করছে। এখনো কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তা এই কমিটি নিরূপণ করছে। আগামী সাতদিনের মধ্যে জানা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ। তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মেট্রোরেলের নতুন সূচি প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ সেপ্টেম্বর হতে প্রতি শুক্রবার দুপুর ৩টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত উত্তরা উত্তর হতে মতিঝিল রুটে এবং দুপুর ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে ১২ মিনিট হেডওয়েতে মেট্রোরেল বাণিজ্যিকভাবে চলাচল করবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading