মোদী ও বাইডেনের মধ্যে বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা
উত্তরদক্ষিণ। রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৮:০০
কোয়াড বৈঠকে অংশ নিতে তিন দিনের সফরে আমেরিকা গেছে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এরই মধ্যে মোদী ও বাইডেনের মধ্যে আলোচনা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে। ইন্ডিয়ার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এ তথ্য নিশ্চিত করেছেন।
বিক্রম মিশ্রি বলেছেন, মোদী ও বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গত মাসেও বাংলাদেশ ইস্যু নিয়ে বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মোদী।
কোয়াডের সদস্য দেশের সংখ্যা চার। ইন্ডিয়া ছাড়াও কোয়াডে রয়েছে আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া। এ বছর কোয়াডের চতুর্থ বৈঠক আয়োজন করেছে আমেরিকা।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন মোদী।
আমেরিকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে মোদী বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস ও জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করতে যাচ্ছি। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সংহতি ও অগ্রগতির কথা চিন্তা করে, এমন চার সমদর্শী দেশের সংগঠন হিসেবে কোয়াড উঠে এসেছে। বাইডেনের সঙ্গে আমার বৈঠকে আমেরিকা ও ইন্ডিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমি আশা করছি।
নিজের শহর উইলমিংটনে কোয়াডের বৈঠক আয়োজন করেছেন বাইডেন। ওই বৈঠক ছাড়াও আমেরিকা তিন দিনে একাধিক কর্মসূচি রয়েছে মোদীর।
ইউডি/এআর

