শাহবাগে বিক্ষোভ, চাকরি জাতীয়করণ চান আউটসোর্সিং কর্মচারীরা
উত্তরদক্ষিণ। শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, আপডেট ১২:১০
সারাদেশের আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন আউটসোর্সিং কর্মচারীরা।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কর্মসূচি পালন করেন তারা।
ছোট বড় বিভিন্ন ব্যানারে আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন শাহবাগ চত্বর।
সকাল ১০টার পর থেকে আশপাশের মিছিল নিয়ে তারা জাতীয় জাদুঘরের সামনে থেকে শাহবাগে অবস্থান নেন। এ সময় তারা ‘ড. ইউনূসের বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই’, ‘ব্রিটিশদের দাসত্ব ভেঙে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আজ সকাল থেকে সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ এলাকায় রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন। তাদের এই রাস্তা অবরোধের কারণে শাহবাগ ও এর আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্ট হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি।
ইউডি/কেএস

