মোহাম্মদপুরে ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যানে নতুন সেনা ক্যাম্প
উত্তরদক্ষিণ। রবিবার (২৭ অক্টোবর), ২০২৪, আপডেট ২২:০০
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যানে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনে অস্থায়ী নতুন ক্যাম্প স্থাপন করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) দুপুরে ঢাকা উদ্যানে এ অস্থায়ী সেনা ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।
সম্প্রতি মোহাম্মদপুর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসীসহ কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে। এতে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বেড়ে যায়। সেনাবাহিনীর নতুন এ ক্যাম্প স্থাপনের সংবাদে স্বস্তিবোধ করছেন স্থানীয় বাসিন্দারা।
সেনাবাহিনী জানায়, সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়।
জানা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর অস্থায়ী সেনা ক্যাম্প রয়েছে। মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় নিরাপত্তার জন্য বছিলা এবং সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থায়ী সেনা ক্যাম্প রয়েছে। মোহাম্মদপুরে ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যানে আরেকটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হলো।
বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার মেজর ফজলে বারী জানান, মোহম্মদপুর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলমান থাকবে। প্রয়োজনে আমাদের অস্থায়ী ক্যাম্প আরও বাড়ানো হবে। কোনও অপরাধীকে ছাড় দেওয়ার সুযোগ নেই। মোহাম্মদপুরবাসীদের আতঙ্কিত না হওয়ার পাশাপাশি সন্ত্রাস ও অপরাধের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান সেনাবাহিনীর এ কর্মকর্ত।
ইউডি/এবি

