৩ নভেম্বর ‘জাতীয় শোক দিবস’ চান সোহেল তাজ: ইউনূসকে স্মারকলিপি

৩ নভেম্বর ‘জাতীয় শোক দিবস’ চান সোহেল তাজ: ইউনূসকে স্মারকলিপি

উত্তরদক্ষিণ। রবিবার (৩ নভেম্বর), ২০২৪, আপডেট ২১:৩০

মুক্তিযুদ্ধ পরিচালনাকারী সরকারের চার নেতাকে হত্যার দিন ৩ নভেম্বরকে জাতীয় শোক দিবস ঘোষণা এবং রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালনের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিয়েছেন জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ।

আওয়ামী লীগ সরকার পতনের বাস্তবতায় জেল হত্যা দিবসে রবিবার (৩ নভেম্বর) কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কর্মসূচি না থাকার মধ্যে রোববার তিনি এই স্মারকলিপি নিয়ে যেতে চান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার বিকেল ৪টায় রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টাল সংলগ্ন সাকুরা রেস্টুরেন্টের সামনে হাজির হন তাজউদ্দিন পুত্র, যিনি ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ পান। তবে অভিমান করে মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ ছেড়ে দেন। সেই থেকে রাজনীতির বাইরে আছেন তিনি। বর্তমানে তিনি শরীর চর্চায় মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন।

তার আসনে পরে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য হন বোন সিমিন হোসেন রিমি, যিনি ক্ষমতাচ্যুত সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সোহেল তাজ ৫০ থেকে ৬০ জন লোকজন নিয়ে পদযাত্রা করার কথা বললেও কর্মসূচিকে কেন্দ্র করে এ সময় সাকুরা রেস্টুরেন্টের উল্টো পাশে শতাধিক পুলিশকে রাস্তা ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

পরে সাকুরা রেস্টুরেন্টের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাজউদ্দিন পুত্র। সেখানেই পরে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধি এসে দাবি সংবলিত স্মারকলিপি নিয়ে যান।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading