উইন্ডিজ সফরেও শান্তকে অধিনায়ক রেখে টেস্টের দল ঘোষণা
উত্তরদক্ষিণ। রবিবার (৯ নভেম্বর), ২০২৪, আপডেট ২৩:১০
ওয়ানডের পর এবার টেস্টেও পরিবর্তন আসেনি নেতৃত্বে। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রবিবার (১০ নভেম্বর) শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে নেই কোনো চমক। ইনজুরির কারণে নেই মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাওয়া চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।
এক টেস্ট পর ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। দুই সিরিজ পর ফিরেছেন আরেক পেসার শরিফুল ইসলাম। বাদ পড়েছেন খালেদ আহমেদ ও স্পিনার নাঈম হাসান। চট্টগ্রাম টেস্টের পর উইন্ডিজ সফরের দলেও সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও মাহিদুল ইসলাম অঙ্কন।
এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝে নেতৃত্ব হারানোর গুঞ্জন থাকলেও, আফগানিস্তানের পর উইন্ডিজ সিরিজেও অধিনায়ক হিসেবে শান্তই বহাল থাকছেন। বিশেষ করে ভারতের পর ঘরের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ধবলধোলাই হওয়ার পর শান্তর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। সে সময় সাবেক তারকাদের অনেকে একটি ফরম্যাট থেকে তাকে সরানোর পরামর্শ দিয়েছিল। শান্তও বোর্ডকে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন।
গুঞ্জন উঠেছিল, টেস্ট ক্রিকেটে শান্তর স্থলাভিষিক্ত হতে পারেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু উইন্ডিজের বিপক্ষে দল ঘোষণার পর স্পষ্ট হয়ে গেল, পরপর দুই সিরিজে ধবলধোলাই হলেও টেস্টে নেতৃত্ব হারাচ্ছেন না শান্ত।
আগামী ২২ নভেম্বর স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়দের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ৩০ নভেম্বর সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল।
এ সফরে টেস্ট ছাড়াও সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ।
দুই টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।
ইউডি/এবি

