অন্তর্বর্তী সরকার ক্ষমতা নয়, দায়িত্ব গ্রহণ করেছে: জ্বালানি উপদেষ্টা
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৪ নভেম্বর), ২০২৪, আপডেট ২২:০০
অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নয়, দায়িত্ব গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, কোনো ব্যবসায়ী কিংবা গোষ্ঠীর কাছে এ সরকার দায়বদ্ধ নয়, এর সরকারের দায়বদ্ধতা গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ চট্টগ্রামবাসীর বহুকাঙ্ক্ষিত কালুরঘাট নতুন সেতুর কাজ শুরু হবে বলেও জানান উপদেষ্টা।
বিদ্যুৎখাতে সুখবর আছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির বলেন, বিদ্যুৎখাতে কিছু সুখবর আছে। একটা সুখবর হচ্ছে- সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছিল আইনের মাধ্যমে। ২০১০ সালে এই আইন করা হয়েছিল। এটি হলো দ্রুত লেনদেনের আইন। এটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল।হাইকোর্ট আইনটিকে সংবিধানবিরোধী বলেছেন। আপনারা জানেন আমাদের চুক্তিগুলো আন্তর্জাতিক চুক্তি। চাইলেই বা সহজেই বের হওয়া যায় না। এজন্য আমরা ধীরস্থিরভাবে এগোচ্ছি।
সভায় ছাত্র প্রতিনিধি রাজনীতিবিদ ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য দেন। এসময় নগরীরর রেলওয়ের জমি দখল, বিদ্যুৎ, সড়ক, সেতুসহ নানা সমস্যা তুলে ধরেন মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা। বেদখল, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। সফরে উপদেষ্টা রাষ্ট্রীয় মালিকানাধীন তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
ইউডি/এবি

