পাল্টা আঘাত: পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া

পাল্টা আঘাত: পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া

শহীদ রানা । বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, আপডেট ১৬:১৫

পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। রাশিয়ার পরমাণুনীতি হালনাগাদ করে এমন সুযোগ রাখা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) এই নীতিতে বদল এনেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন এক সময় রুশ পরমাণুনীতিতে পরিবর্তন আনা হলো, যখন ইউক্রেনকে আমেরিকার তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখন্ডের গভীরে হামলার চালানোর অনুমতি দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওই অনুমতির জবাব দিতেই নিজেদের পরমাণুনীতিতে পরিবর্তন এনেছে ক্রেমলিন। আর এরই মধ্যে সেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাও চালিয়েছে ইউক্রেন।

কোন কোন হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়ার নেতারা পারমাণবিক হামলার বিষয়টি বিবেচনা করতে পারবেন, তা উল্লেখ করা হয়েছে হালনাগাদ করা পরমাণুনীতিতে। বলা হয়েছে, প্রচলিত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও অন্যান্য আকাশযানকে হুমকি হিসেবে বিবেচনা করতে পারেন রুশ নেতারা। এ ছাড়া কোনো জোটের সদস্যদেশ যদি রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাহলে পুরো জোটই এই আগ্রাসন চালিয়েছে বলে বিবেচনা করতে পারবে মস্কো।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, একটি পারমাণবিক রাষ্ট্রের অংশগ্রহণের সাথে একটি অ-পারমাণবিক রাষ্ট্রের আগ্রাসনকে যৌথ আক্রমণ হিসাবে বিবেচনা করা হয়। বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আমাদের নীতিগুলি পরিবর্তনের প্রয়োজন ছিল।
তিনি জানান, রাশিয়া ‘সব সময় পারমাণবিক অস্ত্রকে প্রতিরোধের উপায় হিসাবে দেখেছে।’ রাশিয়া যদি প্রতিক্রিয়া জানাতে ‘বাধ্য’ মনে করে তবেই সেগুলো মোতায়েন করা হবে।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading