জলবায়ু পরিবর্তনের প্রভাব : শিশুদের নিয়ে ইউনিসেফ’র পূর্বাভাস

জলবায়ু পরিবর্তনের প্রভাব : শিশুদের নিয়ে ইউনিসেফ’র পূর্বাভাস

কিফায়েত সুম্মিত। বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, আপডেট ১৬:০০

শিশুদের ভবিষ্যতের জন্য আরেকটি হুমকি হলো জলবায়ু পরিবর্তন। বর্তমানে যে হারে গ্রিনহাউস গ্যাস নির্গমন হচ্ছে, ২০৫০ সালের মধ্যে শিশুরা ২০০০ সালের তুলনায় আট গুণ বেশি তাপপ্রবাহ, তিন গুণ বেশি মারাত্মক বন্যা এবং ১ দশমিক ৭ গুণ বেশি দাবানলের সম্মুখীন হবে বলে পূর্বাভাস দিয়েছে ইউনিসেফ। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাবের দিক থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম অরক্ষিত দেশের একটি। জলবায়ু পরিবর্তন যেভাবে সামাজিক সমস্যাগুলোকে প্রকট করছে তাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে শিশুরা। জলবায়ু পরিবর্তনের বিষয়ে সতর্ক করে ইউনিসেফ একাধিকবার বলেছে শিশুদের ইতিমধ্যে এ গ্রহে যে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তার পাশাপাশি একটি বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলা করতে হচ্ছে, যা গত ৩০ বছরেরও বেশি সময় ধরে শিশুদের বেঁচে থাকার ও বিকাশের ক্ষেত্রে বেশিরভাগ অর্জনকেই ক্ষুণ্ন করে দিতে পারে। চরম আবহাওয়াগত পরিস্থিতি ও বাতাসে বিষাক্ততা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা ও আকস্মিক বন্যা- সবকিছুই এ সংকটের অংশ এবং অসামঞ্জস্যহীনভাবে দরিদ্রতম, সবচেয়ে অরক্ষিত শিশুরাই এসবে আক্রান্ত হচ্ছে।

ইউনিসেফের ২০১৯ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত বিধ্বংসী বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য পরিবেশগত বিপর্যয়গুলো বাংলাদেশে ১ কোটি ৯০ লাখের বেশি শিশুর জীবন ও ভবিষ্যতকে হুমকির মুখে ফেলছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যা দরিদ্র বাংলাদেশিরা তাদের ঘরবাড়ি, আত্মীয়-স্বজন ও নিজের সামাজিক গোষ্ঠীদের ফেলে অন্যত্র নতুন করে জীবন শুরু করার চেষ্টার দিকে ঠেলে দিচ্ছে। শিশুদের ঝুঁকি বড়দের চেয়ে বেশি। গরম ও অন্যান্য জলবায়ু সংক্রান্ত সমস্যার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা বড়দের তুলনায় তাদের কম। রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ায় তাদের ডায়রিয়া ও অন্যান্য প্রাণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। পুষ্টিহীনতায় ভোগারও ঝুঁকি থাকে এসব শিশুদের।

অনেকে ঢাকা ও অন্য বড় শহরগুলোতে যাচ্ছে, যেখানে শিশুদের বিপজ্জনক শ্রম বা বাল্যবিয়ের ঝুঁকির দিকে ঠেলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশে ৬০ লাখ জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসী রয়েছে, যা ২০৫০ সালের মধ্যে বেড়ে দ্বিগুণেরও বেশি হতে পারে। এছাড়া, উপক‚লীয় অঞ্চলে বসবাসকারী আরও ৪৫ লাখ শিশু নিয়মিত শক্তিশালী ঘূর্ণিঝড় দ্বারা আক্রান্ত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট নেতিবাচক প্রভাবের দিক থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম অরক্ষিত দেশের একটি। জলবায়ু পরিবর্তন যেভাবে সামাজিক সমস্যাগুলোকে প্রকট করছে তাতে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে শিশুরা। বিশ্লেষকরা বলছেন, প্রতিটি সংকটে শিশুরাই সবচেয়ে বেশি অসহায় হয়। জলবায়ু পরিবর্তনও তার ব্যতিক্রম নয়। যে সময়টাতে মানুষ বিকাশিত হয়, সেই বয়সটাই শিশু বয়স। নিঃসন্দেহে জলবায়ু পরিবর্তনের ফলে যে বহুমুখী পরিবর্তনগুলো হচ্ছে, সেটা থেকে শিশুরাও রক্ষা পাবে না। সেজন্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিকল্পনার ক্ষেত্রে শিশুদের বিষয় আলাদা করে বিবেচনায় নেওয়া দরকার।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading