সংবিধান সংস্কারে ১৯ প্রস্তাব কমিশনে জমা দিল জাপা

সংবিধান সংস্কারে ১৯ প্রস্তাব কমিশনে জমা দিল জাপা

উত্তরদক্ষিণ। শনিবার (৩০ নভেম্বর), ২০২৪, আপডেট ২১:০০

এক ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, সরকারি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি না হওয়া, ৭০ অনুচ্ছেদের পরিবর্তনসহ সংবিধানের ১৯ দফা সংস্কারের প্রস্তাব করেছে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)। প্রস্তাবগুলো দলের পক্ষ থেকে চার সদস্যদের একটি প্রতিনিধিদল ইতিমধ্যে সরকারের গঠিত সংবিধান সংস্কার কমিশনের দপ্তরে জমা দিয়েছে।

জাপার চেয়ারম্যান জি এম কাদের গত বৃহস্পতিবার বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরেন।

জি এম কাদের বলেন, সংবিধানকে আরও জনবান্ধব করতে এবং একক ব্যক্তির বা প্রধানমন্ত্রীর কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ হ্রাস করার বিষয়ে অগ্রাধিকার দিয়ে তারা সংস্কার প্রস্তাবগুলো তৈরি করেছেন।

সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তন আনার প্রস্তাব করেছে জাতীয় পার্টি। এ ক্ষেত্রে তাদের প্রস্তাব হচ্ছে, সংসদ সদস্যদের নিজ দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদে ভোটদানের সুযোগ থাকবে। তবে তাঁরা সেটা করতে পারবেন যখন দলীয় সংসদ সদস্যদের মধ্যে সুস্পষ্ট বিভাজন দেখা দেবে এবং দলীয় সংসদ সদস্যদের কমপক্ষে এক-তৃতীয়াংশ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেবেন। ৭০ অনুচ্ছেদকে সেভাবে পরিবর্তন করার প্রস্তাব করে দলটি। তারা মনে করে, এর ফলে দর-কষাকষি কিছুটা কঠিন হয়ে পড়বে এবং সংসদ অধিকতর কার্যকর ও সরকারের স্থায়িত্ব কিছুটা হলেও নিশ্চিত হবে। তবে এক ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হতে পারবেন না।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রস্তাব করে জাতীয় পার্টি বলেছে, পঞ্চদশ সংশোধনী সংবিধানের প্রায় এক-তৃতীয়াংশকে অপরিবর্তনীয় করে তুলেছে, যা অযৌক্তিক। তারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুদ্ধার করার কথা বলেছে।

এ ছাড়া রাষ্ট্রপতির নিয়োগ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে না করে সংসদ সদস্যদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতার ভোটে নির্বাচিত করার পক্ষে দলটি। এটি করা গেলে রাষ্ট্রপতি প্রার্থী অনেকটা সর্বসম্মত হওয়ার সম্ভাবনা থাকবে। সে জন্য জাতীয় পার্টি রাষ্ট্রপতি নিয়োগের জন্য তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠ ভোট অন্তর্ভুক্ত করতে অনুচ্ছেদ ৪৮(ক) সংশোধন করার কথা বলেছে। সেই সঙ্গে রাষ্ট্রপতির অভিশংসনের জন্য সংসদের তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতার বিধান প্রবর্তন করার প্রস্তাব করে দলটি সংবিধানের ৫২ নম্বর ধারা সংশোধনের প্রস্তাব করেছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading