নতুন মামলায় সালমান-মেনন-ইনুসহ ছয়জন গ্রেফতার

নতুন মামলায় সালমান-মেনন-ইনুসহ ছয়জন গ্রেফতার

উত্তরদক্ষিণ। বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১৩:৫৫

রাজধানীর পৃথক সাত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এদিন তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের এসব মামলায় গ্রেফতার দেখান।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় সালমান এফ রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামে একজন গার্মেন্টস কর্মীকে গুলি করে হত্যা মামলা ও কাফরুল থানা এলাকায় মাহবুব হাসান মামুন হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

২০১৫ সালে রাজধানীর মতিঝিল এলাকায় মেয়রের নির্বাচনের প্রচারণা করাকালীন সময়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের কর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

১৫ সালের ২৮ এপ্রিল মিসেস আফরোজা আব্বাসের গাড়ি বহরে হামলার ঘটনায় মতিঝিল থানা করা হত্যাচেষ্টা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

মিরপুর মডেল থানার হত্যা মামলায় মাহবুব আলীকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading