বগুড়ার সাবেক সংসদ সদস্য রিপু গ্রেফতার

বগুড়ার সাবেক সংসদ সদস্য রিপু গ্রেফতার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, আপডেট ১১:০০

বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ এর একটি বিশেষ দল। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন। গতকাল র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, “৫ আগস্টের পর থেকে রিপু পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে।”

তিনি আরো বলেন, “গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য রিপুকে নেত্রকোনা থেকে বগুড়ায় আনা হচ্ছে। এরপর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, ২০২৩ সালে অনুষ্ঠিত বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি। পরে বগুড়া-৬ আসন মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ছেড়ে দেওয়া হলে নৌকার প্রার্থী রিপু প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পরপরই অগ্নিসংযোগ করা হয় রিপুর বাড়ি ও গাড়িতে। সেদিনের পর থেকেই তার প্রাসাদসম বাড়িতে ঝুলছে তালা, পরিবারসহ আত্মগোপনে ছিলেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading