ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইন্ডিয়ান দুই সেনাসহ নিহত ১৪
উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, আপডেট ১৪:০০
ইন্ডিয়ার ছত্তিশগড়ে ‘বন্দুকযুদ্ধে’ দুই নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়াও ১২ মাওবাদী নিহত হয়েছেন। রবিবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানের জঙ্গলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, পার্কের একটি নির্দিষ্ট জায়গায় মাওবাদীদের উপস্থিতির তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল অভিযান শুরু করলে উভয়পক্ষের বন্দুকযুদ্ধ শুরু হয়।
বন্দুকযুদ্ধে দুই নিরাপত্তা বাহিনীর সদস্যের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন বাস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি। নিহত দুই সদস্য জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্য ছিলেন।
এদিকে একজন কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় আরও দুই জওয়ান আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।
সকালে পুলিশ এক বিবৃতিতে বলেছে, মাওবাদীদের সঙ্গে আমাদের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিতে বেশ কয়েকজন মাওবাদী নিহত হয়েছেন। আমাদের অনুসন্ধান অভিযান এখনও চলছে।
এই বছর ইন্দ্রাবতী জাতীয় উদ্যানে এটি দ্বিতীয় বন্দুকযুদ্ধের ঘটনা। যেখানে ১২ জানুয়ারি তিনজন মাওবাদীকে গুলি করে হত্যা করা হয়েছিল।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
ইউডি/এআর

