ট্রাম্প-মোদি বৈঠক: নেই মানবাধিকার ও সংখ্যালঘু ইস্যু

ট্রাম্প-মোদি বৈঠক: নেই মানবাধিকার ও সংখ্যালঘু ইস্যু

উত্তরদক্ষিণ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি), ২০২৫, আপডেট ২২:৪৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অস্ত্র বিক্রি থেকে শুরু করে বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয় নিয়ে কথা হয়। তবে মানবাধিকার এবং সংখ্যালঘু নিপীড়নের মতো স্পর্শকাতর বিষয়গুলো তারা এড়িয়ে গেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইন্ডিয়ায় মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত উদ্বেগ আমেরিকার কাছে কমই গুরুত্ব পেয়েছে। আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার বাণিজ্য ক্রমাগত বেড়েছে। চীনের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকার সহযোগী হিসেবে আবির্ভূত হয়েছে ইন্ডিয়া। বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও এ ধারা অব্যাহত থাকবে।

গতকাল হোয়াইট হাউসে ট্রাম্প ও মোদির বৈঠকে এবং তাদের যৌথ সংবাদ সম্মেলনে মানবাধিকারসংক্রান্ত বিষয়ের উল্লেখ করা হয়নি।

উইলসন সেন্টার থিঙ্কট্যাংকের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান মনে করেন, ইন্ডিয়ার অভ্যন্তরীণ মানবাধিকারসংক্রান্ত বিষয় নিয়ে ট্রাম্পের অবস্থান ব্যক্ত না করার বড় একটা কারণ হলো, স্বার্থসংশ্লিষ্ট বিষয়ের ওপর ভর করে তার পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে। বিদেশের মাটিতে মানবাধিকারের কী হলো না হলো, সে বিষয় নিয়ে তার তেমন একটা মাথাব্যথা নেই।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইন্ডিয়ার সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রাখলেও তার শীর্ষ কূটনীতিক অ্যান্টনি ব্লিঙ্কেন মাঝেমধ্যে সংখ্যালঘু নিপীড়নের নিন্দা জানাতেন। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতাবিষয়ক প্রতিবেদনগুলোতে ইন্ডিয়ায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উঠে এসেছিল। তবে এগুলোকে অত্যন্ত পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করেছে ইন্ডিয়া।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading