মাদকের সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

মাদকের সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

উত্তরদক্ষিণ। রবিবার, ০২ মার্চ, ২০২৫, আপডেট ১৯:৪০

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, তরুণ ছেলে মেয়েরা মাদকের প্রতি আকৃষ্ট হচ্ছে। আমাদের বুঝতে হবে তরুণদের মাদকের প্রতি আকৃষ্ট করতে বিশাল সিন্ডিকেট কাজ করছে। তাই আমাদের সংগ্রাম করতে হবে মাদকের সিন্ডিকেটের বিরুদ্ধে। তামাক নিয়ন্ত্রণ করতে সংগ্রাম করতে হচ্ছে।

রবিবার (০২ মার্চ) বিকেলে ঢাকা আহছানিয়া মিশন প্রধান কার্যালয় মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, কোম্পানিগুলো সচেতনভাবেই আমাদের তরুণদের প্রতিনিয়ত আকৃষ্ট করে যাচ্ছে। মাদকাসক্ত তরুণদের বিশেষকরে মেয়েদের মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা করানোর ক্ষেত্রে সামাজিকভাবে নানা প্রতিবন্ধকতা দেখা যায়। নারীরা চিকিৎসার মাধ্যমে সুস্থ হলেও সমাজ নারীদের কীভাবে গ্রহণ করছে তা আমাদের দেখার বিষয়। আমরা চাই মাদকাসক্ত তরুণ-তরুণীদের চিকিৎসা কেন্দ্রে আর যেন না আসতে হয়।

ফরিদা আখতার বলেন, মাদকাসক্ত যারা আছেন তারা ক্রিমিনাল নয়, বরং তারা পরিস্থিতির শিকার। ক্রিমিনালের প্রতি যে ধরনের আচরণ করা হয় তা যেন আসক্তদের প্রতি করা না হয় সে বিষয়ে খেয়াল রাখা উচিত।

আহছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র আয়োজিত ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. গোলাম রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ইয়াসমিন এইচ আহমেদ, এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ার লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজা রহমান চৌধুরী বাবলী। অন্যদের মধ্যে ডা. রুবাইয়াৎ ফেরদৌস, ড. রাহেনা বেগম, ডা. নায়লা পারভীন উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading