সিরিয়ায় শান্তির আহ্বান নতুন প্রেসিডেন্টের
উত্তরদক্ষিণ। রবিবার, ০৯ মার্চ, ২০২৫, আপডেট ১৭:১৬
সিরিয়ার নেতা আহমেদ শারা দেশে শান্তির আহ্বান জানিয়েছেন। বাশার আল-আসাদের পতনের পর থেকে সবচেয়ে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতায় উপকূলীয় অঞ্চলে এক হাজারেরও বেশি মানুষ নিহত হওয়ার পর রবিবার (০৯ মার্চ) এ আহ্বান জানিয়েছেন তিনি।
ব্রিটিশভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার জানিয়েছে, ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চলে দুই দিনের লড়াইয়ে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। দেশটিতে ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা। রবিবারও নতুন ইসলামপন্থী শাসকদের সাথে যুক্ত শক্তি এবং আসাদের আলাউইত সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট শারা বলেছেন, “আমাদের জাতীয় ঐক্য এবং অভ্যন্তরীণ শান্তি রক্ষা করতে হবে যাতে আমরা একসাথে থাকতে পারি।” দামেস্কের মাজ্জাহ শহরের একটি মসজিদে বক্তৃতা দিতে গিয়ে শারা বলেন, “সিরিয়ার ব্যাপারে নিশ্চিন্ত থাকুন, এই দেশটিতে টিকে থাকার বৈশিষ্ট্য রয়েছে। সিরিয়ায় বর্তমানে যা ঘটছে তা প্রত্যাশিত চ্যালেঞ্জের মধ্যেই রয়েছে।”
গত ডিসেম্বরে আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। এর ফলে দেশটিতে তার পরিবারের কয়েক দশক ধরে রাজবংশীয় শাসনের অবসান ঘটে। তবে আসাদ পরিবারের অনুগত আলাউইত সম্প্রদায় নতুন শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।
মি/গাজী

