বিলুপ্তপ্রায় গোটালির পোনা উৎপাদন কৌশল উদ্ভাবন

বিলুপ্তপ্রায় গোটালির পোনা উৎপাদন কৌশল উদ্ভাবন

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, আপডেট ১৭:২৫

বাংলাদেশে প্রথমবারের মতো বিলুপ্তপ্রায় গোটালি মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদনে সফলতা পেয়েছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা।

২৬১ প্রজাতির মিঠাপানির মাছের মধ্যে গোটালি (বৈজ্ঞানিক নাম Crossochelius latius)) একটি গুরুত্বপূর্ণ সুস্বাদু ছোট মাছ। মাছটি অঞ্চলভেদে কালাবাটা নামেও পরিচিত।

মিঠাপানির জলাশয়, বিশেষ করে পাহাড়ি ঝর্ণা ও অগভীর স্বচ্ছ নদী গোটালি মাছের আবাসস্থল। উত্তরাঞ্চলের তিস্তা, আত্রাই ছাড়াও নেত্রকোনার সোমেশ্বরী, কংস, সিলেটের পিয়াইন, পদ্মা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীতে একসময় মাছটি প্রচুর পরিমাণে পাওয়া যেত।

জলাশয় দূষণ, অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদীতে বানা ও কারেন্ট জালের ব্যবহার, খরা মৌসুমে জলাশয় শুকিয়ে মাছ ধরা এবং নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরাসহ নানা কারণে বাসস্থান ও প্রজননক্ষেত্র নষ্ট হওয়ায় দিন দিন অন্যান্য দেশীয় ছোট মাছের মতো গোটালি মাছের প্রাপ্যতাও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।

আইইউসিএন (২০১৫) এর তথ্য অনুযায়ী, গোটালি মাছ এখন বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত। এর পরিপ্রেক্ষিতে এ প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষার লক্ষ্যে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের স্বাদুপানি উপকেন্দ্র, সৈয়দপুরের বিজ্ঞানীরা ২০২৩ সালে তিস্তা নদীর তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকা থেকে মাছটি সংগ্রহ করে উপকেন্দ্রের গবেষণা পুকুরে অভ্যস্তকরণ ও কৃত্রিম প্রজননের জন্য গবেষণা কার্যক্রম গ্রহণ করেন।

২০২৪ সালের জুলাই মাসে দেশে প্রথমবারের মতো কৃত্রিম প্রজননের মাধ্যমে গোটালি মাছের পোনা উৎপাদনে সফলতা অর্জিত হয়। গবেষণায় নেতৃত্বে দেন প্রধান বৈজ্ঞানিক র্কমকর্তা ড. আজহার আলী। গবেষকদলে ছিলেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকতা ড. সোনিয়া শারমীন, মালিহা হোসেন মৌ ও বৈজ্ঞানিক কর্মকর্তা শ্রীবাস কুমার সাহা।

কৃত্রিম প্রজননের মাধ্যমে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এ মাছের পোনা উৎপাদন সম্ভব হওয়ায় মাছটি চাষের আওতায় চলে আসবে; যা উত্তর জনপদে তথা দেশের মৎস্য খাতে তাৎপর্যপূর্ণ অবদান রাখবে এবং মাছটি বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading