বিশ্ববাজারে বাড়ছেই সোনার দাম: ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি

বিশ্ববাজারে বাড়ছেই সোনার দাম: ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তার পরিস্থিতি সৃষ্টি

উত্তরদক্ষিণ। রবিবার, ১৬ মার্চ, ২০২৫, আপডেট ১৪:৪০

বিশ্ববাজারে সোনার দাম অব্যাহতভাবে বাড়ছে। গত শনিবার (১৫ মার্চ) আউন্সপ্রতি দাম বেড়েছে ৬ দশমিক ৮৭ ডলার। এদিন সকালে বিশ্ববাজারে সোনার দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৯৮৬ দশমিক ৫ ডলার।

বাজার বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তার জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার দাম ছিল প্রতি আউন্স ২ হাজার ৯৪৭ দশমিক ৯০ ডলার। বাস্তবতা হলো- গত ৩০ দিনে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৬৩ দশমিক ১৪ ডলার। এর মধ্যে গত ৯ দিনে বেড়েছে প্রায় ৫৮ ডলার। ফলে বাংলাদেশ, ইন্ডিয়াসহ সব দেশের বাজারে সোনার দাম বেড়েছে।

নানা কারণে সোনার দাম বাড়ছে। তার মধ্যে আছে ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন দেশের পণ্যে আমেরিকার আমদানি শুল্ক বৃদ্ধির চাপ ও তার জেরে শুল্কযুদ্ধের আশঙ্কা। ফলে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক জটিলতা তৈরি হচ্ছে। সুরক্ষিত বিনিয়োগের ক্ষেত্র হিসেবে অনেকে সোনার দিকে ঝুঁকছেন।

শেয়ারবাজার থেকে পুঁজি প্রত্যাহার করেও অনেকে কিনছেন।ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রধান বাজার কৌশলবিদ জো কাভাতোনি বলেছেন, চলমান ভ‚-অর্থনৈতিক সংকট ও অনিশ্চয়তার কারণে মানুষ নিজেদের অর্থ ব্যবস্থাপনার বিষয়ে শঙ্কিত। এ পরিস্থিতিতে তার ধারণা, মানুষ নিরাপদ বিনিয়োগমাধ্যম হিসেবে আবারও সোনার দিকে ঝুঁকছেন এবং সে কারণে সোনার দাম বাড়বে।

ট্রাম্প যেভাবে শুল্ক আরোপ করছেন, তাতে আমেরিকার মূল্যস্ফীতি বাড়বে। এর পাল্টা হিসেবে অন্যান্য দেশও আমেরিকার পণ্যে শুল্ক আরোপ করবে। ফলে ওই সব দেশেও মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা থেকে যায়। এসব কারণেও মানুষ সোনার প্রতি আকৃষ্ট হচ্ছেন বলে মনে করেন জো কাভাতোনি।

সোনার ব্যবহার কেবল গয়নার মধ্যে সীমাবদ্ধ নয়। কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার রিজার্ভ আবার বাড়ছে। মানুষও সোনার বার ও সোনাভিত্তিক এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) বিনিয়োগ বাড়ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনের তথ্যানুসারে, গত বছর সারা বিশ্বে সোনা বেচাকেনা হয়েছে ৪ হাজার ৯৭৪ টন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা বাড়ছে। ২০২৪ সালে এ নিয়ে টানা তিন বছর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্মিলিতভাবে এক হাজার টনের বেশি সোনা কিনেছে। গত বছর সবচেয়ে বেশি সোনা কিনেছে পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। তারা কিনেছে ৯০ টন সোনা।

গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, গত ছয় মাসে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৩৯৬ দশমিক ১৫ ডলার। এক বছরে বেড়েছে ৮২২ দশমিক ৮৩ ডলার; পাঁচ বছরে কমেছে ১ হাজার ৪৯৩ দশমিক ৮৮ ডলার। এ ছাড়া গত ২০ বছরে সোনার দাম বেড়েছে ২ হাজার ৫৩৮ দশমিক ৪২ ডলার।

বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশেও সোনার দাম হ্রাস-বৃদ্ধি করা হয়। সর্বশেষ ৮ মার্চ সোনার দাম দেশের বাজারে কমানো হয়। সেই দফায় ভরিতে দাম কমানো হয় ১ হাজার ৩৮ টাকা। এতে প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার ৮৬২ টাকা। ইন্ডিয়ার বাজারে সোনার দাম এখন সর্বোচ্চ। জিএসটি নিয়ে সোনার দাম পেরিয়ে গেছে ৯০ হাজার রুপি।

ইউডি/ আরকে

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading