‘উভয় সংকটে নতুন নোট’
উত্তরদক্ষিণ। রবিবার, ২৩ মার্চ, ২০২৫, আপডেট ১৬:৫৮
জমে উঠেছে দেশের বিপণিকেন্দ্রগুলো। নতুন জামার সঙ্গে নতুন টাকায় ঈদ সালামি বাড়তি আনন্দ দেয়। ঈদের আনন্দ দ্বিগুন করতে নতুন টাকায় ঈদ সালামি দেয়ার চেষ্টা থাকে বড়দের।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নতুন টাকা বাজারে ছাড়বে না ব্যাংকগুলো। ব্যাংক থেকে নতুন নোট সরবরাহ বন্ধ থাকায় সে চেষ্টায় এবার ভাটা পড়ছে। ঈদের আগে বিশেষ কাউন্টার খুলে নতুন নোট বিনিময় না করার সিদ্ধান্তের পর উভয় সংকট তৈরি হয়েছে।
ঢাকায় বিভিন্ন ব্যাংকের ৮০টি শাখার ভল্টে ৫, ২০ ও ৫০ টাকার ফ্রেশ নোটের বিশাল ভান্ডার থাকলেও তা কোনো কাজে আসছে না। আবার এসব নোট ফেরতও নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। এতে শাখার ভল্টের বড় একটি অংশ জুড়ে রয়েছে নোটগুলো। আরেক দিকে প্রতিটি শাখার উল্লেখযোগ্য পরিমাণের টাকা আটকা পড়েছে। এ তালিকায় সংকটে থাকা ব্যাংকের ১৯টি শাখাও রয়েছে। ব্যাংকগুলোর জন্য এসব নতুন টাকা যেন এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
ব্যাংকাররা জানান, প্রতিটি শাখার ভল্টের ধারণ ক্ষমতার ভিত্তিতে সর্বোচ্চ একটি সীমা নির্ধারিত আছে। কোথাও ওই সীমার বেশি টাকা জমা হলে তা পার্শ্ববর্তী বাংলাদেশ ব্যাংক কিংবা সোনালী ব্যাংকের ‘চেস্ট’ শাখায় জমা দিতে হয়। প্রতিটি ব্যাংকে সাধারণত ৫০০ ও ১ হাজার টাকার নোট থাকে বেশি। এতে জায়গা লাগে কম।
ঈদ উপলক্ষে বুধবার থেকে আগামী ২৫ মার্চ মঙ্গলবার পর্যন্ত নতুন নোট বিতরণ করার কথা ছিল। ঈদের আগে ছোট ছোট এসব নোট খালি হবে, সে আশায় ছিল ব্যাংকগুলো। নতুন নোট বিতরণ স্থগিত করার সিদ্ধান্তে ব্যাংকগুলো পড়েছে বিপাকে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ২০ লাখ কোটি টাকার মতো সঞ্চয় থাকলেও সব ছাপানো নোট নয়। সারাদেশে দৈনিক লেনদেনের প্রয়োজনে সব মিলিয়ে ছাপানো টাকা রয়েছে সাড়ে ৩ লাখ কোটি টাকার মতো। এর মধ্যে সাধারণ সময়ে ২ লাখ ৬০ হাজার থেকে ২ লাখ ৯০ হাজার কোটি টাকা থাকে মানুষের হাতে। আর ঈদ উৎসবকে কেন্দ্র করে মানুষের হাতে টাকার পরিমাণ বেড়ে ৩ লাখ ১০ হাজার কোটি টাকা ১৫ হাজার কোটি টাকা হয়। সাধারণভাবে প্রতি বছরের এই সময়েই নতুন টাকা বাজারে আসে বেশি। দেশের প্রচিলত অধিকাংশ নোটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে।
নতুন নোটের বিপরীতে টাকা আটকে যাওয়ায় বেশি বিপদে পড়েছে দুর্বল ব্যাংকগুলো। কয়েকটি ব্যাংক গ্রাহকের জমা টাকা ফেরত দিতে পারছে না। অথচ তাদের প্রতিটি শাখা ৬৫ লাখ টাকা করে ভল্টে রেখেও লেনদেন করতে পারছে না। এমন সংকটে থাকা ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ পাঁচটি শাখা রয়েছে জনতা ব্যাংকের। তিনটি করে শাখা রয়েছে এক্সিম, সোশ্যাল ইসলামী ও ইসলামী ব্যাংক বাংলাদেশের। ন্যাশনাল ব্যাংকের উত্তরা ও গাজীপুরের শ্রীনগর এবং এবি ব্যাংকের প্রগতি সরণি শাখা রয়েছে তালিকায়।

