মাদারীপুরে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৪
উত্তরদক্ষিণ। মঙ্গলবার । ০১ এপ্রিল, ২০২৫, আপডেট ১৮:১০
মাদারীপুরের শিবচর উপজেলায় তিন মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুর ২টার দিকে শিবচর-জাজিরার সীমান্তবর্তী উপজেলার কুতুবপুর সাহেববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে জানান শিবচর থানার ওসি রতন শেখ।
নিহতরা হলেন- মাদারীপুরের শিবচরের কুতুবপুরের এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার, শরীয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী, একই উপজেলার জয়নগর এলাকার আলী খান ও রমজান মিয়া।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের শরীয়তপুরের নাওডোবা গোলচত্বর থেকে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরের সাহেববাজার এলাকামুখী সড়কে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় এই দুটি মোটরসাইকেলের সঙ্গে পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলেরও সংঘর্ষ হয়।
ওসি রতন শেখ বলেন, নিহত সবার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। দুজনের পরিচয় পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইউডি/ এজেএস

