চেনা রাজধানী এখন অচেনা!

চেনা রাজধানী এখন অচেনা!

উত্তরদক্ষিণ। মঙ্গলবার । ০১ এপ্রিল, ২০২৫, আপডেট ১৮:৩৫

জনবহুল রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। নেই মানুষের কোলাহল, হকারের হাঁকডাক আর যন্ত্র যানের হুইসেল, নেই চিরচেনা যানজট। পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। ফলে ফাঁকা হয়ে গেছে জনবহুল এই মেগা শহর।

সরেজমিনে রাজধানীর খিলগাঁও, রামপুরা, মতিঝিল, পল্টন, শান্তিনগর, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, মৎস ভবন এলাকায় দেখা যায়, ঈদের দিন মঙ্গলবার গতকাল সোমবারের তুলনায় যানবাহনের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে, বেশিরভাগ যানবাহনে রয়েছে যাত্রী সংকট, যাত্রীর অভাবে আসন ফাঁকা রেখেই চালাতে হচ্ছে যানবাহন। যাত্রী সংকটে এসব পয়েন্টে কিছু সময়ের জন্য বাসগুলোকে অপেক্ষা করতেও দেখা গেছে। বাস ও লেগুনার স্টাফদের দীর্ষ সময় ধরে যাত্রীর খোঁজে ডাকাডাকি করতে দেখা গেছে।

রাজধানীতে কিছু যানবাহন চলাচল করলেও সড়কের কোথাও যানজটের চিত্র দেখা মেলেনি। তবে বিভিন্ন ট্রাফিক সিগন্যালে স্বল্প সময়ের জন্য গাড়িগুলোকে থামতে দেখা যায়। সেই সঙ্গে ফাঁকা রাস্তায় রিকশা, ব্যাটারি চালিত রিকশা, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেট কার ও মোটরসাইকেল দাপিয়ে বেড়াতে দেখা গেছে।

রাজধানীর পল্টন পুলিশ বক্সে দায়িত্ব পালন করছেন সন্তোষ নামের এক পুলিশ কর্মকর্তা। তিনি গণমাধ্যমকে বলেন, আজ এবং ঈদের দিন সড়ক অনেকটা ফাঁকা। গতকাল একেবারেই ফাঁকা ছিল। তবে, আজ কিছু গাড়ি রাস্তায় নেমেছে। কোথাও কোনো যানজট নেই। অন্য সময় হলে এখানে ট্রাফিক সামলাতে শরীরের ঘাম ছুটে যেত। কিন্তু আজ অনেকটা রিল্যাক্স মুডে ডিউটি করছি। গাড়ির শব্দ দূষণ বা হর্ণ নেই। রাস্তায় আজ তুলনামূলক ধূলাবালিও কম।

তিনি বলেন, রাস্তাঘাট ফাঁকা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে রাস্তায় ছিনতাইকারী বা অপরাধীদের প্রবণতা অন্যান্যবারের তুলনায় অনেকটাই কম। জনগণের যানমালের নিরাপত্তা এবং মানুষ যাতে নির্বিঘ্নে ঈদ করতে পারে সেজন্য আমরা তৎপর রয়েছি।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading