মৌসুম শেষ আর্সেনাল ডিফেন্ডারের
উত্তরদক্ষিণ। শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫, আপডেট ১৭:০০
বড় এক ধাক্কা খেল আর্সেনাল। মৌসুমে এখনও দুইটি শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে গানারদের। তবে মৌসুমের বাকি সময়ের জন্য দলের মূল ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহেসকে আর পাচ্ছে না তারা। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেছেন ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার।
প্রায় সাড়ে ৩ মাস পর ইনজুরিতে থেকে ফিরেছেন আর্সেনালের ইংলিশ উইঙ্গার বুকায়ো সাকা। মাঠে নেমেই গোলও পেয়েছেন এই ইংলিশ তারকা। গত মঙ্গলবার (১ এপ্রিল) ফুলহ্যামের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করেন সাকা। তবে সেই ম্যাচেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন গ্যাব্রিয়েল।
পরে পরীক্ষা করে জানা যায় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন আর্সেনালের এই ডিফেন্ডার। যার কারণে অস্ত্রোপচার করাতে হবে তাকে। আর্সেনাল এক বিবৃতিতে গ্যাব্রিয়েলর মৌসুম শেষ বলে নিশ্চিত করেছে। অস্ত্রোপচারের পর আগামী মৌসুমে ফেরার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে তার।
চলতি মৌসুমের শুরু থেকেই আর্সেনালের নানা খেলোয়াড় ইনজুরির কারণে দীর্ঘদিনের জন্য ছিটকে যান। তাদের মধ্যে কেউ কেউ মাঠ ফিরলেও, অনেকের মৌসুমই শেষ হয়ে গেছে। এদিকে গ্যাব্রিয়েল ছাড়াও দলের তিন ডিফেন্ডার আগে থেকেই চোটের কারণে বাইরে আছেন। তারা হচ্ছেন—রিকার্দো কালাফিওরি, বেন হোয়াইট ও তাকেহিরো তমিয়াসু। এছাড়াও ইনজুরিতে পড়ে মৌসুম শেষ হয়ে গেছে দলের দুই ফরোয়ার্ড জেসুস এবং হাভার্টজের।
ইনজুরিতে জর্জরিত আর্সেনাল দল চলতি মৌসুমে এখনও দুইটি শিরোপা জিততে পারে। লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। যদিও লিগ শিরোপা জয়ের আশাটাও ছেড়ে দিতে পারেন আর্তেতা। কারণ, টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১২। আর চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।
ইউডি/কেএস

