চুক্তি নবায়ন ছাড়াই ভুটানে যাচ্ছেন সাবিনারা
উত্তরদক্ষিণ। রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, আপডেট ১৮:৫০
বাফুফে সভাপতির সঙ্গে বৈঠকের পরও বিদ্রোহী নারী ফুটবলারদের জাতীয় দলের ভবিষ্যত নিয়ে আসেনি কোনো সিদ্ধান্ত। চুক্তি নবায়ন করা ছাড়াই ভুটান লিগ খেলতে গেলেন সাবিনা-মাসুরাসহ ছয় ফুটবলার। তবে দেশ ছাড়ার আগে তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল।
ঈদের ছুটি কাটিয়ে শুরু হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মব্যস্ততা। ফেডারেশনে এসেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সভাপতি তাবিথ আউয়াল। তারপর বিভিন্ন এজেন্ডা নিয়ে কর্মকর্তা ও নারী ফুটবলারের সঙ্গে আলোচনায় বসেন তিনি।
সাবিনা-ঋতুপর্না,মাসুরাসহ ৬ ফুটবলার খেলবেন ভুটান লিগ। তবে বয়স সংক্রান্ত জটিলতা থাকায় ডাক পেয়েও যাওয়া হচ্ছে না সাগরিকার। দেশ ছাড়ার আগে নারী ফুটবলারদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন বাফুফে সভাপতি।
এ বিষয়ে বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু গণমাধ্যমকে বলেন, “তারা বিদেশের মাটিতে খেলতে যাচ্ছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি যাতে আরও বাড়ে ওই আঙ্গিকে মেয়েদের বার্তা দিয়েছেন সভাপতি। তিনি বলেছেন, ‘বাংলাদেশের মেয়ে হয়ে তোমরা খেলতে যাচ্ছো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাবমূর্তি এখানে জড়িত। ভালো ফুটবল খেলবা।’”
তবে নারী ফুটবলারদের সঙ্গে নতুন চুক্তি নবায়ন ও পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেয়া নিয়ে কোনো আলোচনা করেননি তাবিথ আউয়াল। তাতে নারী এশিয়া কাপ বাছাইয়ে জাতীয় দলের ক্যাম্পে এই ছয় ফুটবলার থাকবেন কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের শুধু একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এর বাইরে আমাদের কোনো কথা হয়নি। এর বাইরে আমরা কোনো কথা বলতেও চাইনি।’
আলোচনা হয়েছে বাংলাদেশ জাতীয় দলের আসন্ন এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়েও। ঢাকার জাতীয় স্টেডিয়ামেই এই ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে।
আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে মাঠে নামবে হামজা-জামালরা। তার আগেই এনএসসি থেকে জাতীয় স্টেডিয়াম বুঝে পেতে চায় বাফুফে।
ইউডি/এআর

