পহেলা বৈশাখে জাটকা ইলিশ না খাওয়ার আহ্বান মৎস্য উপদেষ্টার
উত্তরদক্ষিণ। সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, আপডেট ১৬:০০
জাটকা রক্ষা করে ইলিশ উৎপাদন বৃদ্ধি করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, পহেলা বৈশাখ ইলিশ নয়, বাজারে জাটকা পাওয়া যাবে। সুতরাং এদিন আপনাদের সবাইকে ইলিশ না খাওয়া উচিত।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া বাংলা সংস্কৃতির অংশ নয়। যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন। কারণ সে সময় জাটকা পাওয়া যাবে, ইলিশ নয়। ঢাকা শহরে আরোপিত সংস্কৃতি তৈরি করা হয়েছে। পান্তা ভাতের সঙ্গে ভর্তা, মরিচ বা অন্য মাছ খেলে তো অসুবিধা নেই।
উপদেষ্টা বলেন, পহেলা বৈশাখের আগের দিনটা বাঙালিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ সেটা চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তিতে কোনো আমিষই খাওয়া হয় না। ১৪ রকমের শাক খাওয়া হয়। পহেলা বৈশাখের দিনে আপনি বাতাসা খান, দই-চিড়া খান, ছাতুর শরবত খান আর ভাত খাবেন। কোনো সমস্যা নেই। ইলিশ নিষেধ করলেই যে সেদিন সব খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, তা না। আরও মাছ আছে।
এ সময় তিনি বলেন, আগামী ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। সুতরাং সাগরে ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিন ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় জাটকা সংরক্ষণে সবার প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। এরপরও কেউ জাটকা ধরলে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা চলছে বলেও জানান উপদেষ্টা ফরিদা আখতার।
ইউডি/এআর

