আজ তুরস্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

আজ তুরস্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, আপডেট ১০:০০

আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দিতে তুরস্ক সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফোরামের পাশাপাশি তুরস্ক সফরকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরও কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের সাক্ষাতের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১১-১৩ এপ্রিল তুরস্কের আন্টালিয়া কূটনীতিক ফোরামে চলবে। ওই ফোরামে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিল তুর্কি সরকার। তবে প্রধান উপদেষ্টা না যেতে পারায় বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা আনতালীয়া কূটনীতিক ফোরামে যোগ দেবেন তিনি।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে তৌহিদ হোসেনের। তিনি ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফোরামের উদ্বোধন করবেন। ওই ফোরামে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি আসবেন। পররাষ্ট্র উপদেষ্টা ফোরামে যোগ দেওয়ার পাশাপাশি কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিশ্চিত হয়েছে, যাদের মধ্যে-তুরস্ক, স্লোভাকিয়া, আজারবাইজান ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন। এ ছাড়া একটি সংস্থার সেক্রেটারি জেনারেল উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় চতুর্থ দফায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আন্টালিয়া কূটনীতিক ফোরামের আয়োজক। ‘খণ্ডিত বিশ্বে কূটনীতির পুনরুদ্ধার’-শীর্ষক থিম নিয়ে তুরস্কের রিসোর্ট শহরখ্যাত আন্টালিয়ায় আগামী ১১-১৩ এপ্রিল পর্যন্ত চলবে আন্টালিয়া কূটনীতিক ফোরাম।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading