এনবিআরে কর্মবিরতি, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

এনবিআরে কর্মবিরতি, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ মে, ২০২৫, আপডেট ১৩:৩০

চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও কর্মচারীরা। শনিবার (২৪ মে) সকাল থেকেই আগারগাঁওয়ের এনবিআর ভবনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা আসেন।

তারা নিচতলা সহ বিভিন্ন ফ্লোরে অবস্থান নিয়েছেন। পুলিশ, র্যাব ও সাদা পোশাকে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এনবিআর ভবনে। পরিচয়পত্র দেখিয়ে কর্মকর্তা ও কর্মচারীদের ভবনে প্রবেশ করতে হচ্ছে।

এনবিআর চেয়ারম্যানের অপসারণ, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনাপূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করার দাবিতে ২২ মে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয় প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

শনিবার সকাল থেকেই ঢাকার সব কর অঞ্চল, কাস্টম হাউস ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীরা আগারগাঁও এনবিআরের নিচে কর্মবিরতির পাশাপাশি অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়া সারাদেশে সব অফিসেও একইভাবে কর্মসূচি পালিত হচ্ছে। কাস্টম হাউসে কোনো কাজ করা হচ্ছে না। এছাড়া ভ্যাট ও কর অফিসেও কোনো সেবা দেওয়া হচ্ছে না। তবে ঘোষণা অনুযায়ী, রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত রয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। এ সময় সেবা বিঘ্নিত হওয়ায় সেবাপ্রার্থীদের প্রতি দু:খ প্রকাশ করেন তারা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading